খিলক্ষেত বাসস্ট্যান্ড-সংলগ্ন রেলক্রসিংয়ের পাশেই রেলওয়ের জায়গা দখল করে গড়ে উঠেছে ‘রেলওয়ে হকার্স মার্কেট’। বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকার ফুটপাত থেকে উচ্ছেদ করা হকাররা গড়ে তুলেছেন এই অবৈধ মার্কেট।
গতকাল শনিবার দেখা যায়, খিলক্ষেত বাসস্ট্যান্ডের পাশের রেললাইন ঘেঁষে প্রায় ১০০ মিটার জায়গায় বিভিন্ন রঙের ত্রিপল ও পলিথিন দিয়ে ঘর নির্মাণ করা হয়েছে। বাইরে থেকে দেখে মনে হয় বস্তি। ভেতরে ৮০টির বেশি দোকান। সেখানে বিক্রি হচ্ছে গেঞ্জি, প্যান্ট, শার্ট, লুঙ্গি, থ্রি-পিস, শাড়ি, জুতা ও বাচ্চাদের নানান ধরনের কাপড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে কেনাবেচা। ব্যবসায়ীরা মার্কেটের নাম দিয়েছেন ‘রেলওয়ে হকার্স মার্কেট’।
মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, মার্কেটের বয়স এক বছরের বেশি। এখানে দোকান দেওয়া ব্যবসায়ীদের অধিকাংশই ২০১৫ সালের রোজার সময় থেকে ব্যবসা করছেন। দিন যত যাচ্ছে, স্থানীয় বাসিন্দাদের কাছে মার্কেট হিসেবে পরিচিতি লাভের সঙ্গে সঙ্গে দোকানের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। যে যেভাবে পারছেন, বসে যাচ্ছেন।
মার্কেটে ছোট বাচ্চাদের জামাকাপড়ের দোকান দেওয়া রিপন বলেন, ‘এক বছরের বেশি সময় ধরে এখানে দোকান করছি। গত বছর খিলক্ষেত পদচারী সেতুসংলগ্ন ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়েছিল। এরপর থেকে এখানে দোকান বসাই।’ তিনি জানান, শুরুর দিকে আট-দশটি দোকান থাকলেও এখন দোকানের সংখ্যা বেড়ে গেছে।
ব্যবসায়ীদের দাবি, রেলের এই জায়গায় দোকান বসাতে ও ব্যবসা করতে কাউকে টাকা দিতে হয় না। শুধু বিদ্যুৎ আর দারোয়ানের খরচ বাবদ ২০ টাকা করে দৈনিক ৪০ টাকা দিতে হয়। হেলাল নামের এক ব্যক্তি বিদ্যুৎ বিল আদায় করেন বলে ব্যবসায়ীরা জানান। ব্যবসায়ীদের দেখানো হেলালের বৈদ্যুতিক জিনিসপত্রের দোকানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা আকিদুল হোসেন বলেন, আগে জায়গাটিতে কিছু ছিল না। এখন নতুন নতুন দোকান বসছে। গত রমজান মাসে আরও নতুন কিছু দোকান বসেছে।
আবদুল মালেকের দোকানের দায়িত্বে থাকা তাঁর ভাগনে নুরে আলম বলেন, ‘রোজার মাস থেকে দোকান শুরু করছি। মামার দুটি দোকান আছে। একটি প্যান্টের, আরেকটি লেডিজ জামাকাপড়।’
এ বিষয়ে জানতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আরিফুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বিষয়টি শুনে ‘জরুরি কাজে ব্যস্ত আছি’ বলে সংযোগ কেটে দেন।