রেলের জায়গায় ছাত্রলীগ নেতার দোকানঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের কামারগাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের সামনে রেলওয়ের জলাশয় দখল করে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আবু জাফর মোহামঞ্চদ মাহমুদুন্নবী এ জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন বলে অভিযোগ করা হয়েছে।রেলের স্থানীয় ভূমি বিভাগ এ জায়গা ইজারা না দেওয়ার দাবি করলেও ছাত্রলীগের নেতা একটি কাগজ দেখিয়ে দাবি করেছেন, তিনি রেল বিভাগের কাছ থেকে ইজারা নিয়েছেন। গতকাল শহরের স্টেশন সড়কের কামারগাড়ি রেলগেট পেরিয়ে সরকারি আজিজুল হক কলেজে যাওয়ার সময় দেখা যায়, সড়কের বাঁয়ে রেলের জলাশয়ের বেশ কিছু জায়গা মাটি ফেলে ভরাট করে সেখানে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। কর্মরত শ্রমিকেরা জানান, ছাত্রলীগের নেতা আবু জাফর তাঁদের এ কাজে নিয়োগ করেছেন। প্রায় ৪০ ফুট লম্বা ও ২০ ফুট প্রস্থ এ জায়গার চারদিকে ইট দিয়ে ঘেরাও করা হয়েছে। কলেজের শিক্ষার্থীরা জানান, কয়েক দিন ধরে ট্রাকে করে মাটি এনে জলাশয়টি ভরাট করা হয়েছে। এরপর সেখানে নির্মাণকাজ শুরু হয়েছে। তাঁরা অভিযোগ করেন, আবু জাফর জোর করেই এ জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন। এর আগে তাঁর ভগ্নিপতির নামে নির্মাণাধীন স্থাপনার পাশে একটি দোকানঘর এ বছরেই নির্মাণ করেছেন। এসব রেলের জায়গা ইজারা নিয়ে দোকান করছে কি না, তা তাঁরা জানেন না।শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজের প্রবেশপথে দেড় বছর আগে শ্রমিক লীগের নেতা শামছুদ্দিন রেলের জায়গা দখল করে এক লাইনে ১২টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। তারই ধারাবাহিকতায় পাশের জলাশয়গুলো জোর করে দখল করে ভরাট করে দোকানঘর করা হচ্ছে।ছাত্রফ্রন্ট সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি শ্যামল কুমার বলেন, ইজারা না নিয়ে এমন স্থানে স্থাপনা করা ঠিক হচ্ছে না। তা ছাড়া রেলের জায়গা হলেও কলেজের কথা বিবেচনা করে এখানে ইজারা দেওয়া বন্ধ রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্রনাথ দাস বলেন, জায়গাটি তাঁদের কলেজের সামনে এবং রেলের। রেল বিভাগ ইজারা দিয়েছে কি না, তা তাঁর জানা নেই। কলেজের সৌন্দর্যের কথা ভেবে কাজ বন্ধ করতে বলা হয়েছে। তবে কাজ বন্ধ হয়নি। রেলওয়ের বগুড়ার কানুনগো মোকাররম হোসেনের বলেন, বাণিজ্যিকভাবে কাউকে জায়গাটি ইজারা দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে আবু জাফর দাবি করেন, ২৪০ বর্গফুট জায়গা তিনি রেল বিভাগ থেকে ইজারা নিয়েছেন। রেলের ভূসম্পত্তি বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ভুয়া কাগজপত্র তৈরি করে এসব জায়গা দখল করা হচ্ছে। যে কাগজ দেখানো হয়েছে, তা সঠিক নয়।