রেলের টিকিট পাওয়া যাচ্ছে বাজার ও আদালতপাড়ায়!
চট্টগ্রামে রেলের টিকিট পাওয়া যায় স্টেশনসংলগ্ন রিয়াজউদ্দিন বাজার ও আদালতপাড়ায়। কালোবাজারিরা এসব টিকিট দু-তিন গুণ বেশি দামে বিক্রি করে থাকে। শ খানেক লোকের কালোবাজারি চক্র মুঠোফোনে অবৈধভাবে এই টিকিট বিক্রির কাজ করে থাকে। চক্রের সঙ্গে রেলওয়ের কিছু কর্মচারীর যোগসাজশের প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত চার দিনে পুলিশ ও র্যাবের কাছে গ্রেপ্তার হওয়া সাত কালোবাজারি এসব তথ্য দিয়েছে। তাদের মধ্যে আফাজ উদ্দিন রেলের কর্মচারী। তাঁকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। সর্বশেষ গত বৃহস্পতিবার গভীর রাতে টাইগার পাস এলাকা থেকে দুই কালোবাজারিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ১০টি টিকিট উদ্ধার করা হয়। এতে মোট ৪০টি আসন আছে। পুলিশের কাছে গ্রেপ্তারকৃতরা সুমন নামে এক রেল কর্মচারীর কাছ থেকে টিকিট পেয়েছেন বলে দাবি করেছেন।সরেজমিন ঘুরে ও অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম রেলস্টেশনে দিনের শুরুতে কয়েক ঘণ্টার মধ্যেই টিকিট বিক্রি শেষ হয়। কাউন্টারে টিকিট না মিললেও স্টেশন চত্বর, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার ও আদালতপাড়ায় বিক্রি হচ্ছে রেলের টিকিট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযোগ, টিকিট কালোবাজারির সঙ্গে রেলের কিছু অসাধু কর্মচারী জড়িত। কয়েক হাত ঘুরে এসব টিকিট আসে কালোবাজারে। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. তারেক আহম্মেদ বলেন, ‘পুরো চক্রে শ খানেক লোক জড়িত। এখানে উপচক্রও রয়েছে। আমাদের অনুসন্ধান চলছে। রেলওয়ের কিছু কর্মচারী এর সঙ্গে জড়িত। তাঁরা কমিশনের বিনিময়ে কালোবাজারিদের কাছে টিকিট সরবরাহ করেন।’রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘রেলের কেউ কালোবাজারিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না। তবে এখন কালোবাজারিরা ক্রেতা সেজে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন। পরে তা বাইরে বিক্রি করছেন।’ র্যাব-৭-এর উপপরিচালক মেজর রকিবুল আমিন বলেন, ‘রেলের কিছু লোক অবশ্যই জড়িত।’কালোবাজারির প্রক্রিয়া সম্পর্কে মেজর রকিবুল আমিন বলেন, ‘মুঠোফোনেই বেচাকেনার পুরো কাজটা হয়। এগুলো রিয়াজউদ্দিন বাজার, আদালতপাড়াসহ বিভিন্ন স্থানে হাতবদল হয়। কয়েকজন কালোবাজারির সঙ্গে ক্রেতা হিসেবে যোগাযোগ করে এ তথ্য জেনেছি। ক্রেতাদের কাছ থেকে কালোবাজারিরা অগ্রিম টাকাও নেন।’