মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গোপন করা হবে না বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার সচিবালয়ে নিজ কক্ষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, রোববার রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফজলে কবিরের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও রেলের মহাপরিচালক আবু তাহের। সচিব প্রতিবেদনটি মন্ত্রীকে দিলেই গণমাধ্যমকে জানানো হবে। তদন্ত কমিটির দায়িত্ব ছিল রেলের কর্মকর্তাদের বিষয়ে তদন্ত করা। কিন্তু কমিটির প্রধান জানিয়েছেন, এ ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘তদন্ত প্রতিবেদন এখনো হাতে পাইনি। কমিটির কার্যপরিধিতে মন্ত্রীর বিষয়ে কোনো তদন্ত করার কথা বলা হয়নি।’ মেঘনা-গোমতী সেতু: মেঘনা ও গোমতী সেতুর ক্ষতিগ্রস্ত সম্প্রসারণশীল সংযোগ ও বিয়ারিং মেরামতের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী। মন্ত্রী গতকাল জানান, শিগগিরই মেরামত কাজ শুরু হবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে মেরামত কাজ করা হবে এবং এ সময় সেতু বন্ধ থাকবে। ছয় ঘণ্টা করে মেরামত শেষ করতে নয় দিন লাগবে। এ সময় যান চলাচলের জন্য ফেরির ব্যবস্থা করা হবে। মেরামত কাজে প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা ব্যয় হবে। আগামী বর্ষা মৌসুম শেষ হলে অক্টোবরের দিকে মেঘনা সেতুর পিলারের নিচের ক্ষয় মেরামত করা হবে বলেও জানান যোগাযোগমন্ত্রী।