রেলের তেল চোর চক্র আবার সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে আবারও রেল ইঞ্জিন থেকে তেল চুরি হচ্ছে। এ কাজে জড়িত রয়েছে সেই পুরোনো চক্রই। তারা কখনো ডিজেল শেড (ইঞ্জিন ছাউনি) থেকে, কখনো শেডের বাইরে বিভিন্ন স্টেশনের কাছাকাছি স্থানে রেল ইঞ্জিন থেকে কর্মচারীদের সহযোগিতায় তেল চুরি করছে।গত বুধবার গভীর রাতে ভবানীপুর রেলস্টেশনে খুলনা থেকে পার্বতীপুরগামী ২৩ আপ রকেট মেইল ট্রেনের ইঞ্জিন থেকে চুরির সময় এলাকাবাসীর সহায়তায় পুলিশ ২০০ লিটার ডিজেল জব্দ করে। এ ব্যাপারে ট্রেনের চালক, সহকারী চালক, পরিচালকসহ (গার্ড) অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে গত বৃহস্পতিবার পার্বতীপুর রেল থানায় মামলা হয়েছে। পার্বতীপুর লোকোশেড, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ২৩ আপ রকেট মেইল ট্রেনটি খুলনা থেকে পার্বতীপুর অভিমুখে ছেড়ে আসে। ট্রেনটি ঈশ্বরদীতে পৌঁছার পর চালক আবদুর রশিদ, সহকারী ট্রেনচালক আনোয়ার হোসেন ও পরিচালক (গার্ড) সেলিম হোসেন পরবর্তী গন্তব্য পর্যন্ত দায়িত্বভার বুঝে নেন। এ সময় চার হাজার লিটার ধারণক্ষমতার ৬০১০ নম্বর ইঞ্জিনে তিন হাজার ১৭০ লিটার ডিজেল ছিল। ট্রেনটি রাত একটা ৪০ মিনিটে ভবানীপুর স্টেশনে এসে পৌঁছালে পার্বতীপুরের হলদীবাড়ি রেলগেটের মুদি দোকানদার দুলাল, উপজেলার দরিখামার গ্রামের কাবলু, একই গ্রামের আমিনুল ও রশিদুল ইঞ্জিন থেকে বড় চারটি জারিকেনে করে প্রায় ২০০ লিটার ডিজেল নামান। এ সময় ভবানীপুর এলাকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ১০-১২ জন যুবক তাঁদের আটক করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের চিৎকারে ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা পার্বতীপুর রেল পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজেদ আলী, কনস্টেবল শফিকুল ইসলাম, মোহসিন আলী ও মাহবুবুর রহমান ইঞ্জিনের কাছে এলে তেল চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে পুলিশ তেল উদ্ধার করে পার্বতীপুর রেল থানায় নিয়ে আসে।মামলার বাদী মাহমুদুল হাসান জানান, তেল জব্দ করার কিছুক্ষণের মধ্যে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ফয়সাল আলম পাঁচটি মোটরসাইকেলে করে তাঁর সাত-আটজন সঙ্গীসহ ঘটনাস্থলে এসে তেল ফিরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং হুমকি-ধমকি দেন।এ ব্যাপারে ফয়সাল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পার্বতীপুরে অনেক অপরাধের ঘটনায় অপরাধীরা আমার নাম ব্যবহার করে পার পাওয়ার চেষ্টা করে।’পার্বতীপুর রেলস্টেশনের মাস্টার শেখ আবদুল জব্বার বলেন, ‘ভবানীপুর রেলস্টেশন আংশিক বন্ধ হয়ে যাওয়ায় সন্ধ্যা ছয়টা থেকে সকাল পর্যন্ত সেখানে কোনো রেল কর্মচারী থাকে না। ফলে রাতের বেলা ভবানীপুর রেলস্টেশন অরক্ষিত পড়ে থাকে।’পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলের আইন এমনই, যতই হাতেনাতে ধরা হোক, লোকোশেডে কাগজ-কলমে তেলের হিসাব ঠিক দেখালে কাউকে অপরাধী প্রমাণ করা সম্ভব হবে না।প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি প্রথম আলোতে ‘রেল ইঞ্জিন থেকে তেল চুরি: নেতৃত্বে বহিষ্কৃত নেতা, বড় চক্র জড়িত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে আওয়ামী লীগ নেতা ফয়সাল আলমের নাম এসেছিল। তাঁর ছত্রচ্ছায়ায় রেল ইঞ্জিন থেকে তেল চুরি হচ্ছে বলে তখন অভিযোগ উঠেছিল।