
বাংলাদেশ রেলওয়ের দক্ষিণাঞ্চলীয় সদর দপ্তর খুলনায় স্থাপনের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরের পিকচার প্যালেস মোড়ে এ ধর্মঘট পালন করে সংগঠনটি।
অবস্থান ধর্মঘটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বাংলাদেশ রেলওয়েকে সম্প্রসারিত করে দক্ষিণাঞ্চল নামে নতুন রেলওয়ে অঞ্চল গঠনের যে প্রস্তাব সরকার গ্রহণ করেছে, প্রস্তাবিত রেলওয়ে দক্ষিণ অঞ্চলের সদর দপ্তর খুলনা বিভাগীয় শহরে স্থাপনের দাবিতে আন্দোলন করছে বিভিন্ন সামাজিক সংগঠন।
কর্মসূচি থেকে জানানো হয়, বর্তমানে দুটি অঞ্চল থেকে সারা দেশে রেলওয়ের নিয়ন্ত্রণ রাখা সম্ভব না হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে রেলওয়েকে চারটি অঞ্চলে ভাগ করার কাজ শুরু করেছে রেল মন্ত্রণালয়। এ জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ে পূর্বাঞ্চল এবং রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে পশ্চিমাঞ্চল পুনর্গঠনের সুপারিশ করে। এ ছাড়া নবগঠিত ময়মনসিংহ ও সিলেট বিভাগের সমন্বয়ে উত্তরাঞ্চল এবং খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে দক্ষিণাঞ্চল গঠনের সুপারিশ করে।
অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, বিভাগীয় শহর ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ অবস্থান বিবেচনা করে দক্ষিণাঞ্চল রেলওয়ের সদর দপ্তর খুলনাতেই হওয়া উচিত। এতে করে রেলওয়ের প্রশাসনিক কাজ সহজ হবে।
অবস্থান ধর্মঘটে উন্নয়ন কমিটির সহসভাপতি মো. নিজামউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ আয়কর আইনজীবী সমিতির কেন্দ্রীয় সভাপতি মনিরুল হুদা, অধ্যক্ষ তরিকুল ইসলাম, আমরা খুলনাবাসীর সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।