রেলের দুই কর্মীকে বদলির প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ে পূর্বাঞ্চলের ছাপাখানার দুই কর্মীকে বদলির কারণে গতকাল বুধবার কর্মবিরতি পালন করেছেন কর্মচারীরা। একই সঙ্গে তাঁরা রেলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের প্রত্যাহার চেয়েছেন।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত ছাপাখানার কর্মী আবুল কালাম ও আবুল হাসানকে মঙ্গলবার তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ডরিলিজ) করা হয়। তাঁরা দুই দশকের বেশি সময় ধরে একই জায়গায় কাজ করছিলেন। এই বদলি আদেশের বিরুদ্ধে ছাপাখানার কর্মীরা গতকাল বিক্ষোভে ফেটে পড়েন।
রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক ছাপাখানাকে অকার্যকর ও বাইরের প্রেসে কাজ করার জন্য দুজনকে বদলি করেছেন। নিজস্ব ছাপাখানা থাকতে বাইরের বাণিজ্যিক ছাপাখানায় কেন রেলের কাজ হবে? এ জন্য আমরা প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের প্রত্যাহার ও দুজন কর্মীর বদলি আদেশ স্থগিতের দাবি করছি।’
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক সেলিম মোহাম্মদ বলেন, ‘ওই দুজন কর্মী দুই যুগ ধরে একই জায়গায় কর্মরত। কাজের প্রতি তাঁদের স্পৃহা নেই। উৎপাদন কমে যাচ্ছিল। এটা রেলের ক্ষতি। এই ক্ষতির জন্য আমি তাঁদের বদলি করেছি।’