রেলের নিয়োগে দুর্নীতির আরেকটি মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে বাদ দিয়ে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় পূর্বাঞ্চলের সাবেক জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া (বর্তমানে বরখাস্ত), অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমানসহ ৩২ জনকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ অভিযোগপেত্রর অনুমোদন দেওয়া হয় বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। এ নিয়ে পাঁচটি মামলা থেকেই ইউসুফ আলী মৃধাকে অব্যাহতি দিল দুদক।
রেলের সহকারী লোকোমাস্টার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় মৃধাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুদকের উপপরিচালক আবু সাঈদ ও সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা মামলাটির তদন্ত করেন। তদন্ত শেষে মৃধাকে বাদ দিয়ে নিয়োগ পাওয়া ২৭ জন সহকারী লোকোমাস্টার, নিয়োগ কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান ও কমিটির সদস্য গোলাম কিবরিয়া এবং উত্তরপত্রের তিন পরীক্ষক খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) মো. আবদুল ওয়াদুদ ভূঞা, হিসাববিজ্ঞানের প্রভাষক জহিরুল ইসলাম ও একই প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞানের প্রভাষক তপন কুমার দাসের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করা হয়।
অভিযোগপত্রে ইউসুফ আলী মৃধা সম্পর্কে বলা হয়েছে, তিনি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। দৈনন্দিন কার্যক্রম (রুটিন ওয়ার্ক) হিসেবে তিনি এসব অনুমোদন করেছেন। তিনি এসব অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তদন্তে এ ধরনের কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে তাঁর ব্যক্তিগত সহকারী (এপিএস) ওমর ফারুকের গাড়িতে টাকার বস্তাসহ আটক হয়েছিলেন মৃধা। রেলের ‘কালো বিড়াল’ খোঁজার ঘোষণা দিয়ে আলোচিত মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ব্যাপক সমালোচনায় পড়েন। সরিয়ে দেওয়া হয় রেল মন্ত্রণালয় থেকে। তদন্তে নামে দুদক।
২০১১ সালে রেলের পূর্বাঞ্চলে ২৫টি শ্রেণিতে এক হাজার ১৭৭ জনের বিপরীতে এক হাজার ১১৭ জনকে নিয়োগ দেওয়া হয়। ২৫ শ্রেণিতে নিয়োগে অনিয়মের অভিযোগে মৃধা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ২০১২ সালে দুদক ১৪টি মামলা দায়ের করে। এসব নিয়োগের উত্তরপত্র ও টেব্যুলেশন শিটে ঘষামাজা, কাটাকাটিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ওই সব অনিয়ম করেছেন বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে। নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
মামলা হওয়ার পর দেড় বছর পলাতক থাকলেও ইউসুফ আলী মৃধাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ৩ মার্চ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মৃধা। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এখন চট্টগ্রাম কারাগারেই আছেন মৃধা।
এর আগে ১৪টি মামলার মধ্যে চারটিতে মৃধাকে বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়। সবগুলো অভিযোগপত্রেই বলা হয়, তাঁর বিরুদ্ধে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়নি।
সহকারী লোকোমাস্টার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগপত্রটি শিগগিরই আদালতে জমা দেওয়া হবে বলে দুদক সূত্র জানিয়েছে।
সোনালী ব্যাংকের সাবেক জিএমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা: ছয় কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম), সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিল থানায় দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সোনালী ব্যাংকের সাবেক জিএম বাকী বিল্লাহ, এজিএম মো. আব্দুল হাই, রাহান গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার এম কামাল, পরিচালক সাইদুর ইসলাম খান ও আবু সাইদ শাহরিয়ার আহমেদকে।
গৃহায়ণ কর্তৃপক্ষের দুই প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ: বিএনপির নেতা সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ চারজনের বিরুদ্ধে প্রায় সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাতের মামলায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক দুই তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। তাঁরা হলেন সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম ও ঢাকা সার্কেলের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল ওয়াহেদ জমাদার।