বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা মাদকসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য পরিবহনের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হন রেলওয়ে নিরাপত্তা-প্রহরী রানা দাশ (২৫)।পুলিশের কাছে রানা স্বীকার করেছেন, তাঁকে গ্রেপ্তারের সময় আরও দুই নিরাপত্তাকর্মী ১০ কেজি গাঁজাসহ পালিয়ে যান। এই দুজন হলেন, আরএনবির হাবিলদার রণধীর মজুমদার ও প্রহরী রফিকুল হাসান। গাঁজা আটকের ঘটনার পর থেকে এই দুজন কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। এই তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।এ ঘটনার দুই দিন আগে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী আরও দুটি আন্তনগর ট্রেন ‘মহানগর প্রভাতী’ ও ‘তূর্ণা নিশিথা’ থেকে আটক করা হয় প্রায় দেড় লাখ টাকার নিষিদ্ধ পণ্যের দুটি চালান। এর মধ্যে ছিল যৌন উত্তেজক বড়ি, ক্যাপসুল-জাতীয় ওষুধ, ইনজেকশন, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এ সময় আবদুল আলীম (২৮) ও মামুন (২২) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, নিষিদ্ধ পণ্যের চালান দুটি রেলওয়ের নিরাপত্তাকর্মীদের যোগসাজশে আখাউড়া থেকে ট্রেনে তোলা হয়।৩০ কেজি গাঁজা পরিবহনের সঙ্গে তিন নিরাপত্তকর্মী জড়িত থাকার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের চিফ কমান্ড্যান্ট আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, যেহেতু তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাই তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ট্রেনে মাদক ও অন্যান্য নিষিদ্ধ পণ্য পরিবহনের সঙ্গে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা জড়িয়ে পড়ার বিষয়টি তিনি অস্বীকার করেন। রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম ও জগন্নাথগঞ্জ ঘাটের মধ্যে চলাচলকারী আন্তনগর ‘নাছিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের মালামাল বগি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেটিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই তিন আরএনবির সদস্য। তিনটি মাঝারি আকারের ব্যাগ এবং একটি বস্তায় ভরা এই গাঁজার চালান ওই বগিতে তোলার কোনো বৈধ রসিদ পাওয়া যায়নি। অথচ তিন নিরাপত্তাকর্মী সেই চালানটি পাহারা দিয়ে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে আসেন। চালানটি চট্টগ্রামে বগি থেকে নামানোর সময় হাতেনাতে গ্রেপ্তার হন রানা দাশ। রেলওয়ের পুলিশ সুপার (এসপি-রেলওয়ে) মো. হাবিবুর রহমান বলেন, জহির নামের এক মাদক ব্যবসায়ী কুমিল্লার শশীদল স্টেশন থেকে এটি ট্রেনে তুলে দেন বলে রানা পুলিশের কাছে স্বীকার করেছেন।রেলগাড়ি চলাচলের পথে আরএনবির পাশাপাশি রেলওয়ে পুলিশও (জিআরপি) দায়িত্ব পালন করে। রেলের সম্পদ ও ট্রেনের মালামালের নিরাপত্তার দায়িত্ব আরএনবির। আর আইনশৃঙ্খলার দায়িত্বে রেল পুলিশ। প্রায় ১০ বছর ধরে একই কর্মস্থলে থাকায় ট্রেনে পণ্য চোরাচালানি চক্রের সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগে রেল-পুলিশের প্রায় ৮০ কর্মীকে সম্প্রতি পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলে বদলি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাবিবুর রহমান।