রেলের নিরাপত্তায় টহলব্যবস্থা শুরুর উদ্যোগ
রেলওয়েতে তিন ধরনের স্বীকৃত নিরাপত্তা টহলব্যবস্থা কার্যকরের উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এখন থেকে রাতেও ইমার্জেন্সি টহলব্যবস্থা চলবে। পাশাপাশি ইমার্জেন্সি শাটল ও ইমার্জেন্সি ট্রলি করে রেললাইনের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা রেলপথে নাশকতা চালিয়ে যাচ্ছে। নাশকতা ঠেকাতে রেলের সচিব থেকে কর্মী এবং প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন, যাতে দুর্বৃত্তদের নিবৃত্ত করা যায়। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। রেল চলাচল স্বাভাবিক হয়ে আসছে। তিনি বলেন, ‘রেলের কেউ গাফিলতির সঙ্গে জড়িত থাকলে আমাদের চিহ্নিত করে দিতে হবে। আমরা কাউকে ছাড় দেব না।’
এদিকে গতকাল মঙ্গলবার থেকে রেলপথে ইমার্জেন্সি টহলব্যবস্থা শুরু হয়েছে বলে প্রকৌশল দপ্তর থেকে জানানো হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহা-ব্যবস্থাপক মোহাম্মদ মকবুল আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের ইমার্জেন্সি টহলব্যবস্থা কার্যকর শুরু হচ্ছে। এ ছাড়া ইমার্জেন্সি শাটল এবং ইমার্জেন্সি ট্রলি কার্যকর করে আমরা রেল চলাচল নির্বিঘ্ন রাখার চেষ্টা করছি। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। এটি নিয়মিত তদারক করে যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ অক্ষত রাখতে চাই।’