রেলের নয়টি স্লিপারসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে রেললাইনের স্লিপার, পাথর ও গাছ চুরির সঙ্গে জড়িত চক্রের এক সদস্যকে আটক করেছে মোগলহাট বিজিবির টহল দল। গত শুক্রবার ভোরে নয়টি স্লিপারসহ আবদুল মতিন (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় চক্রের হোতা মিজানুর রহমানসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।আবদুল মতিন লালমনিরহাট জেলা শহরের সাপটানা বাজার এলাকার বাসিন্দা। তিনি নিজেকে লালমনিরহাট জেলা জাসদের সাবেক সহসভাপতি বলে দাবি করেছেন। পলাতক মিজানুর রহমান জেলা তরুণ লীগের আহ্বায়ক বলে জানা গেছে। এ ব্যাপারে মোগলহাট সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার জাবিউল ইসলাম শুক্রবার বিকেলে আবদুল মতিন ও মিজানুর রহমানের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেছেন।পুলিশ, বিজিবি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার ভোর চারটার দিকে মোগলহাটের কর্ণপুর পাতুল গেট এলাকায় দুজন লোক রেলওয়ের স্লিপার ভ্যানগাড়িতে ওঠাচ্ছিল। তাদের চ্যালেঞ্জ করলে একজন চাপাতি বের করার চেষ্টা করে। এ সময় তাকে চাপাতিসহ ধরে ফেলা হয়। আরেকজন দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নয়টি স্লিপার, একটি ভ্যানগাড়ি, একটি বাইসাইকেল, একটি মুঠোফোন সেট, দুটি সিম কার্ড, একটি টর্চলাইট ও একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন বলেন, দেশের সম্পদ রক্ষায় জনগণকে সাহস ও কৌশল নিয়ে এগিয়ে আসতে হবে। শুধু বিজিবির একার পক্ষে জাতীয় সম্পদ লোপাটকারীদের আটক বা দমন করা সম্ভব হবে না।লালমনিরহাট-মোগলহাট রেল সেকশনটি পরিত্যক্ত ঘোষণার পর বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দুই কিলোমিটার এবং বর্তমান মহাজোট সরকারের আমলে আরও পাঁচ কিলোমিটার এলাকার স্লিপার, পাথর ও লাইনের দুই ধারের মূল্যবান বৃক্ষ লোপাট করা হয়েছে।