রেলের পুকুর ভরাট করে দোকানপাট
কুমিল্লায় রেলওয়ের পুকুর ভরাট করে ১৫টি দোকান নির্মাণ করছেন শহরতলির শাসনগাছা এলাকার মাদক ব্যবসায়ী খোকন মিয়া ওরফে খোকন মেম্বার। রেললাইন ঘেঁষে এসব দোকান নির্মাণ করায় ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেললাইনের শাসনগাছা এলাকায় যেকোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ ব্যাপার কুমিল্লার আদর্শ সদর উপজেলার ২ নম্বর দুর্গাপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য খোকন মিয়ার মুঠোফোনে অনেকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। খোকনের ঘনিষ্ঠ শাসনগাছা এলাকার একাধিক ব্যক্তি জানান, তিনি একেক সময় একেক মোবাইল নম্বর ব্যবহার করেন।গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, শাসনগাছা রেলক্রসিংয়ের ১০ হাত দক্ষিণে রেলওয়ের পুকুরের পশ্চিমাংশে মাটি ভরাট করে রেললাইনের তিন হাতের মধ্যে টিনের ঘর তোলা হয়েছে। সেখানে টিন ও বাঁশ দিয়ে বেড়া তৈরি করছেন কয়েকজন শ্রমিক। কাঠমিস্ত্রি আলী আহমেদ বলেন, মাটি ভরাটের কাজ ১৫ দিন আগে হয়েছে। এক সপ্তাহ ধরে তাঁরা দোকান নির্মাণ করেছেন। এখন দরজা ও দোকানের ভেতরের কক্ষের বেড়া দেওয়া হচ্ছে। খোকন মিয়া তাঁদের দৈনিক মজুরির ভিত্তিতে এ কাজে নিয়োগ দিয়েছেন বলে জানান তিনি।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, খোকন মিয়া শাসনগাছা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসম্রাট। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা ছিল। পুলিশ কয়েকবার তাঁকে গ্রেপ্তার করেছিল। তবে কোতোয়ালি মডেল থানার তদন্ত পরিদর্শক সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, ‘এখন তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। এক সময় তাঁর বিরুদ্ধে মামলা ছিল।’প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, যখন যে দল ক্ষমতায় আসে, খোকন মিয়া সে দলের লোকজনের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। এবার সরকারদলীয় নেতা-কর্মীদের যোগসাজশে তিনি রেলের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করেছেন। কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩ নম্বর দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছালাহ উদ্দিন বলেন, ওই জায়গা রেলওয়ের। রেলওয়ে কর্তৃপক্ষ চাইলে তিনি সহযোগিতা করবেন।রেলওয়ের লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। তার পরও কুমিল্লা রেলস্টেশন ফাঁড়ির উপপরিদর্শককে (এসআই) বিষয়টি খতিয়ে দেখার জন্য বলব।’ কুমিল্লার ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার শফিকুর রহমান বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। সেখান থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি।’রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত নির্বাহী প্রকৌশলী রমজান আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। রেলওয়ের কানুনগোকে চার দিন আগে মামলা করার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’