বাংলাদেশ রেল-ওয়ের চার হাজার ৬৩৫ দশমিক ৫১ একর জমি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির অবৈধ দখলে রয়েছে বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে তাজুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।মন্ত্রী জানান, অবৈধ দখলে থাকা জমির মধ্যে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কাছে এক হাজার ২৫৪ দশমিক ৯৫ একর এবং বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে তিন হাজার ৩৮০ দশমিক ৫৬ একর জমি রয়েছে। মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের মে মাস পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম চার লেনে সড়ক উন্নয়ন প্রকল্প ১৭ দশমিক ৬৭ শতাংশ অগ্রগতি হয়েছে। এটি ২০১৩ সালের জানুয়ারিতে শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে।মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে মোট দুই হাজার ৩৭০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণ স্থগিত করে। যদিও দুর্নীতি দমন কমিশন তদন্তে দুর্নীতি পায়নি। ঋণ স্থগিত করায় অর্থায়নের বিকল্প উৎসের সন্ধান শুরু হয়। এর অংশ হিসেবে মালয়েশিয়া সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মালয়েশিয়া সরকার ‘বিওওটি’ পদ্ধতিতে তাদের আর্থিক ব্যবস্থাপনায় সেতুটি নির্মাণ করবে। আশা করা যায়, অচিরেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে। চলতি অর্থবছরে পদ্মা সেতু প্রকল্পের বিপরীতে ৬৩৩ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ১৯৯৮ সালের জুন মাসে চালু হওয়ার পর থেকে চলতি বছরের মে পর্যন্ত বঙ্গবন্ধু সেতু থেকে মোট দুই হাজার ২০৯ কোটি ৩৭ লাখ ১১৩ টাকা টোল আদায় করা হয়েছে। নুরুল ইসলামের (বিএসসি) প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ করতে গিয়ে সড়কের ডান পাশের গাছগুলো কেটে ফেলা হয়েছে। সামাজিক বনায়নের মাধ্যমে রোপিত ১২ হাজার ৪০২টি গাছ সড়ক ও জনপথ বিভাগের নিজস্ব তত্ত্বাবধানে কাটা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব গাছ থেকে দুই কোটি ৪০ লাখ আট হাজার ২৯৬ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ভারত, পাকিস্তান ও চীনে তুলা উৎপাদন কমে গেছে। এতে বস্ত্রশিল্পের কাঁচামালের দাম বেড়ে গেছে। দেশের স্পিনিং মিলগুলো সাময়িকভাবে সমস্যায় পড়েছে। তবে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমে এসেছে। শিগগির বস্ত্রশিল্প বিদ্যমান সমস্যা কাটিয়ে উঠতে পারবে।