চট্টগ্রামে জুয়েলারি দোকানের দুই কর্মচারীর কাছ থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ২০৫ ভরি সোনা লুটের মামলায় গ্রেপ্তার হওয়া রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার (বরখাস্ত) মেজবাহ উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ইয়াছমিন শুনানি শেষে এ আদেশ দেন।
গত ২৯ ফেব্রুয়ারি দুই দোকান কর্মচারী পলাশ চক্রবর্তী ও বিশ্বজিৎ নন্দীর কাছ থেকে ডিবি পরিচয় দিয়ে দুই যুবক ২০৫ ভরি সোনা ছিনিয়ে নেন। এর আগে দুজনকে চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাহাড়তলী স্টেশনের দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মেজবাহ উদ্দিনের কক্ষে ডেকে নেওয়া হয়। এ ঘটনায় কর্মচারী পলাশ চক্রবর্তী বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মেজবাহর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় রেলের নিরাপত্তা বাহিনীর দুই কর্মীকে আসামি করে মামলা করেন। পরদিন রেল কর্তৃপক্ষ মেজবাহকে সাময়িক বরখাস্ত করে। ২৫ মার্চ মামলাটি তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামে আসে। এর আগে চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশ মামলাটি তদন্ত করে। ওই সময় আসামি মেজবাহকে তিন দিনের রিমান্ডে নিয়েও তাঁর কাছ থেকে কোনো তথ্য পায়নি পুলিশ।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সোনা লুটের মামলার আসামি মেজবাহকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক জাহাঙ্গীর আলম। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।