রেলের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে গণ-অবস্থান
রেলের বর্ধিত ভাড়া প্রত্যাহারসহ নানা দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল সোমবার সকাল আটটা থেকে দুই ঘণ্টা নারায়ণগঞ্জ রেলস্টেশনে এ কর্মসূচি পালিত হয়। বাসদের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে গণ-অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী।কর্মসূচিতে বক্তারা বলেন, যাত্রীসেবার মান না বাড়িয়ে সরকার রেলের ভাড়া ৫০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রেলের ভাড়া বৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর আরেকটি বোঝা চাপিয়ে দেওয়া হলো।বক্তারা আরও বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ডাবল লাইন চালু, সংরক্ষিত মহিলা বগির সংখ্যা বৃদ্ধি, প্রতি আধা ঘণ্টা পর পর ট্রেন সার্ভিস, শৌচাগার নির্মাণ, যাত্রীসেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু তা না করে ভাড়া বাড়ানো হয়েছে।এদিকে গতকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আগের ভাড়া ছয় টাকার পরিবর্তে বর্ধিত ভাড়া ১০ টাকা করে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ভাড়া ৫০ শতাংশ বৃদ্ধির ফলে তিন টাকা বাড়ানোর কথা থাকলেও এক টাকা বেশি নেওয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন।নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ রেলস্টেশনের একজন কর্মকর্তা বলেন, বর্ধিত তিন টাকার সঙ্গে ৩০ পয়সা শুল্ক রয়েছে। কিন্তু ভাংতি পয়সা না থাকায় ১০ টাকা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।