রেলের বহরে যুক্ত হচ্ছে ৮০টি নতুন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ট্রেনে চড়িয়ে এবারের ঈদে যাত্রীদের নিরাপদে ঘরে ফেরানোর ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ। এ উপলক্ষে পূর্বাঞ্চল রেলওয়ে আসন্ন ঈদুল ফিতরের আগেই তাদের বহরে নতুন ৮০টি কোচ সংযোজন করতে যাচ্ছে।

রেল সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে সদ্য আমদানি করা লাল-সবুজ রঙের কোচ ও পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে আধুনিক প্রযুক্তিতে মেরামত করা কিছু কোচ মিলিয়ে রেলের এ উদ্যোগ।

পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আবদুল হাই বলেন, আমদানি করা ও মেরামত করা মিলিয়ে এবার বেশ কিছু কোচ রেলের বহরে যুক্ত হচ্ছে। এবার ঈদে ঘরমুখো যাত্রীরা নতুন ট্রেনে চড়েই নিরাপদে ও আরামে বাড়িতে ফিরতে পারবেন। নতুন কোচের ট্রায়াল এবং ওয়ার্কশপে মেরামতে এখন ব্যস্ত রেলের কর্মীরা।

এ প্রসঙ্গে রেলের পাহাড়তলী ওয়ার্কশপের বিভাগীয় তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, ঈদের আগেই ৮০টির মতো কোচ যুক্ত হবে পূর্ব রেলে।

আমদানি করা নতুন কোচগুলোর মধ্যে ৩৭টির ট্রায়াল সম্পন্ন হয়েছে। পাহাড়তলী ওয়ার্কশপ থেকে সংস্কার হয়ে আধুনিক ফিটিংস নিয়ে নতুন চেহারায় ফিরেছে ৩০টি কোচ। আরও বেশ কয়েকটি কোচের মেরামতকাজ চলছে।

রেলওয়ে সূত্র জানায়, নতুন কোচ সংযোজিত হলে রেল ব্যবস্থাপনায় নতুন গতি সঞ্চার হবে। ট্রেনের সময়সূচি ঠিক থাকবে। বাড়বে ট্রেনের সংখ্যাও। ভ্রমণও হবে আরামদায়ক ও নিরাপদ।

প্রতিবারের মতো ঈদের আয়োজনে এবার বিশেষ আকর্ষণ থাকবে সুবর্ণ কোচের মতো আরও এক জোড়া ট্রেন। নাম হবে ‘সুবর্ণ স্পেশাল’।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান বলেন, আগামীকাল বুধবার রেলওয়ের এক সভা অনুষ্ঠিত হবে। সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।