রেলের বেদখল সম্পদ দিয়ে পাঁচটি পদ্মা সেতু সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পাকশী, চট্টগ্রামের পাহাড়তলী, চাঁদপুরসহ বিভিন্ন জায়গায় কাগজে-কলমে রেলের পাঁচ হাজার একর জমি বেদখল রয়েছে। আমার ধারণা, এই জমির পরিমাণ ১০ হাজার একর ছাড়িয়ে যাবে। বেদখল হয়ে যাওয়া এসব সম্পদ দিয়ে দেশে পাঁচটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।’গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় ফেরার পথে বগুড়া রেলস্টেশনে উপস্থিত জনতার উদ্দেশে মন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রী গতকাল গাইবান্ধা রেলস্টেশনে বলেন, রেলওয়ের পশ্চিমাঞ্চলের বেদখল হওয়া জমি উদ্ধার করতে পারলে চারটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।তারও আগে গত মঙ্গলবার মন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বলেছিলেন, পাকশীতে রাজনৈতিক পরিচয়ে রেলের ২০০ একর জমি দখল করে রাজপ্রাসাদ করা হয়েছে। ওই সব জমি বিক্রি করলে একটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।মন্ত্রী গতকাল সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে রংপুরের কাউনিয়া রেলস্টেশনে পৌঁছান। এরপর তিনি সড়কপথে তিস্তা সড়ক সেতু পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী বলেন, আগামী ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী লালমনিরহাট সফরকালে এই সড়ক সেতুর উদ্বোধন করবেন। এরপর সেতুটি সর্বসাধারণের যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে।চার কর্মকর্তা বদলি: পরে মন্ত্রী লালমনিরহাট রেলস্টেশন পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতসহ কর্তব্যে অবহেলার অভিযোগে রেলের তিন কর্মকর্তাকে বদলি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন। তাঁরা হলেন: লালমনিরহাট রেল বিভাগীয় ভূমি কর্মকর্তা মো. আবু সাইদ, বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. আসাদুল হক ও বিভাগীয় তড়িৎ প্রকৌশলী খলিলুর রহমান। এ ছাড়া একই স্থানে চার বছর দায়িত্ব পালন করায় লালমনিরহাট রেলস্টেশনের টিকিটমাস্টার আবদুল মতিনকেও বদলির নির্দেশ দেন মন্ত্রী।পরে মন্ত্রী লালমনি এক্সপ্রেস ট্রেনে করে গাইবান্ধা, বগুড়া হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।অল্পের জন্য রক্ষা: দুপুর ১২টা ২০ মিনিটে লালমনি এক্সপ্রেস ট্রেন গাইবান্ধা রেলস্টেশনে এসে দাঁড়ায়। মন্ত্রী ট্রেনের দরজায় দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে মন্ত্রী স্টেশনের প্লাটফর্মে পড়ে যান। সবাই তাঁকে ধরাধরি করে ওঠান।পাল্টে যায় রেলস্টেশনের চিত্র: যোগাযোগমন্ত্রীর আগমন উপলক্ষে গতকাল লালমনিরহাট রেল বিভাগীয় দপ্তর, রেলস্টেশন প্লাটফর্ম ও রেললাইন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। জেলা শহরের মোগলহাট রেলগেট চত্বরের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। বগুড়া রেলস্টেশনেও ছিল একই চিত্র। অন্যান্য দিন সেখানে দালাল, ভুয়া টিকিট চেকার ও কালোবাজারিদের দৌরাত্ম্য থাকলেও গতকাল ছিল না।