রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের ভাড়া ৫০ শতাংশ বাড়ানোকে অগণতান্ত্রিক পদক্ষেপ অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।ওই ফোরাম রেলের বর্ধিত ভাড়া প্রত্যাহারের পাশাপাশি রেলের ইঞ্জিন, বগি, ওয়াগন ও রেললাইন বাড়ানো, ঢাকা-নারায়ণগঞ্জে ডাবল লাইন স্থাপন ও কমিউটার রেল দ্রুত চালু করা, যাত্রী হয়রানি নিরসনে আধুনিক ও স্বচ্ছ টিকিটিং ব্যবস্থা প্রবর্তন, রেলস্টেশনে শৌচাগার স্থাপন, পর্যাপ্ত পানির ব্যবস্থাসহ একে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রেলের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রেলের মূল্যবান ভূমি লুটপাট বন্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছে।ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এসব দাবি জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকার রেলের ভাড়া ৫০ শতাংশ বাড়িয়েছে, যা বর্তমান বাস্তবতায় অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী। দেশে বিদ্যুৎ, বাড়িভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন লাগামহীনভাবে বেড়ে চলেছে, মানুষের জীবনধারণ যখন কঠিন হয়ে উঠেছে, তখন রেলের ভাড়া এক ধাপে এত বাড়ানো অগণতান্ত্রিক পদক্ষেপ।এতে আরও উল্লেখ করা হয়, সড়ক পরিবহনের ভাড়া বেড়ে নিম্নবিত্ত মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দেশের বিশাল একটি জনগোষ্ঠী রেল যাতায়াতের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। সরকার প্রচার করছে, গত অর্থবছরে রেলে তাদের লোকসান গুনতে হয়েছে ৫০০ কোটি টাকা। অথচ বাস্তবতা হচ্ছে, সরকারি বিভিন্ন সংস্থার কাছে রেলের পাওনা বর্তমানে ১২ হাজার ৬১০ কোটি টাকা।