রেলের ভাড়া বৃদ্ধি নয়, ব্যবস্থাপনা ঠিক করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়েকে স্বনির্ভর করতে ভাড়া না বাড়িয়ে ব্যবস্থাপনা ঠিক করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি)। আজ সোমবার রাজধানীর কলাবাগানে পবা কার্যালয়ে ‘সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রেলের ভাড়া: প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে ডব্লিউবিবির প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। তিনি বলেন, ‘সঠিকভাবে পরিচালনা না করায় রেল যেমন যাত্রী সেবা দিতে পারছে না, তেমনি পরিচালনা ব্যয়ও বাড়ছে। ভাড়া বাড়ানো কোনো সমাধান নয়। বরং সম্পদের সুষ্ঠু ব্যবহার, ব্যবস্থাপনা ও সমন্বয় সাধন করতে না পারলে কোনো লাভ হবে না।’
সভাপতির বক্তব্যে পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, সুষ্ঠু টিকিট ব্যবস্থাপনার অভাবে রেলযাত্রী টিকিট প্রাপ্তি নিয়ে ভোগান্তিতে থাকে। এতে রেলওয়েও কাঙ্ক্ষিত আয় থেকে বঞ্চিত হচ্ছে।
পবার সমন্বয়ক আতিক মোরশেদ বলেন, বর্তমান ভাড়ায় বেসরকারিভাবে পরিচালিত ট্রেনগুলোর পরিচালনা ব্যয় কমিয়ে মুনাফা অর্জন করতে পারলেও বাংলাদেশ রেলওয়ে পারছে না।
ডব্লিউবিবি ট্রাস্ট-এর পরিচালক গাউস পিয়ারি বলেন, ভূসম্পত্তিসহ সম্পদের সুষ্ঠু ব্যবহার, পণ্য পরিবহনে মনোযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাওনা টাকা আদায়, এবং পরিচালন ব্যবস্থা যুগোপযোগী করার মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।