রেলের ভূমির আগের ভাড়া বহাল রাখার দাবি
রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের পাকশী বিভাগের অধীন রেলের ভূমির ভাড়া (খাজনা) চলতি বছর থেকে দ্বিগুণ করা হয়েছে। ভাড়া বাড়ানোর প্রতিবাদ এবং আগের ভাড়া ১৬ টাকা বহাল রাখার দাবিতে পাবনার ঈশ্বরদীর পাকশীতে রেলের ভূমির ইজারাগ্রহীতারা গতকাল বৃহস্পতিবার সমাবেশ ও মানববন্ধন করেছে।মানববন্ধন শেষে ইজারাগ্রহীতারা পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপকের মাধ্যমে রেলমন্ত্রীর বরাবর সঞ্চারকলিপি পেশ করেন। সঞ্চারকলিপিতে তাঁরা বর্ধিত ভাড়া ৩২ টাকার পরিবর্তে ১৬ টাকা বহাল রাখার দাবি জানান। সকালে রেলের ভূমির ইজারাগ্রহীতারা ঈশ্বরদী রেলগেটে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, মন্ত্রণালয় পশ্চিমাঞ্চল রেলের নীলফামারী, সিরাজগঞ্জ, আক্কেলপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, বাগেরহাটসহ প্রায় ৫০টি এলাকায় প্রতি বর্গফুট জমির ভাড়া ১৫ টাকা নির্ধারণ করলেও ঈশ্বরদী ও পাকশীতে করেছে ৩২ টাকা। তারা এই ভাড়া আগের মতো ৬ টাকা করার দাবি জানান।পাকশী বিভাগীয় রেলওয়ে ভূ-সম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় প্রথম আলোকে জানান, সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্ত অনুযায়ী রেলের জমির ভাড়া নির্ধারণ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী ভাড়া বাড়ানো হয়েছে।