রেলের মৃধার 'এপ্রিল শিক্ষা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার বস্তা নিয়ে পাঁচ বছর আগে এই এপ্রিল মাসেরই এক রাতে ঢাকার পিলখানায় বিজিবির সদর দপ্তরে ঢুকে পড়েছিল একটি গাড়ি। সেই গাড়িতে ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন মহাব্যবস্থাপক (পরে বরখাস্ত) ইউসুফ আলী মৃধাসহ আরও কয়েকজন। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন রেলে নিয়োগ দুর্নীতির পৃথক দুটি মামলায় মৃধাকে দুই বছর করে মোট চার বছর কারাদণ্ড দিয়েছেন।
দুর্নীতির ওই দুটি মামলায় মৃধা ছাড়াও রেলওয়ের আরও দুজন কর্মকর্তাকে চার বছর করে (প্রতিটিতে দুই বছর) কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ও সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী। ওই গাড়িতে তাঁরা ছিলেন না। রেলের সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগ দুর্নীতির অভিযোগে করা মামলা দুটি থেকে পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।
রেলে নিয়োগ দুর্নীতির অভিযোগে মৃধাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মোট ১৩টি মামলা করেছে। এর মধ্যে প্রথমবারের মতো দুটি মামলার রায় দিলেন আদালত। নিয়োগ দুর্নীতির বাকি ১১টি মামলার মধ্যে চারটি মামলার বিচার চলছে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে। পাঁচটি মামলায় দুদক অভিযোগপত্র দিয়েছে আদালতে। বাকি দুটি মামলার তদন্ত শেষ হয়নি। এর আগে গত বছরের ৩ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অন্য একটি মামলায় ঢাকার একটি আদালতে তিন বছরের সাজা হয় মৃধার।
২০১২ সালের ৯ এপ্রিল রাতে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের (প্রয়াত) বাসায় যাওয়ার পথে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে টাকার বস্তাসহ একটি মাইক্রোবাস ঢুকে পড়ে। গাড়িতে মৃধা ছাড়া আরও ছিলেন রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক এবং তৎকালীন রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব ওমর ফারুক তালুকদার এবং চালক আজম খান। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।
পরে মৃধার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। মৃধা পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক থাকার সময় রেলের ১৩টি শ্রেণিতে (ক্যাটাগরি) ১ হাজার ৬৯ জন কর্মী নিয়োগের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। মামলার আসামি হওয়ার পর ২০১২ সাল থেকে দুই বছর পলাতক ছিলেন তিনি। ২০১৪ সালের ৩ মার্চ চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করায় সেদিন থেকে কারাগারে রয়েছেন মৃধা।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির দুই মামলায় মৃধাসহ তিন আসামির দুই বছর করে মোট চার বছর বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে তাঁদের ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা না দিলে তাঁদের আরও ছয় মাস জেল খাটতে হবে।
দুদকের আইনজীবী আরও বলেন, রাষ্ট্রপক্ষ এ রায়ে সংক্ষুব্ধ। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। অথচ মামলায় আসামিদের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তি দেওয়া হয়নি। এই রায়ের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় বলা আছে, কোনো গণকর্মচারী অপরাধমূলক অসদাচরণ করলে বা করার চেষ্টা করলে তিনি সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন।
মামলায় খালাস পাওয়া আসামিরা হলেন সহকারী কেমিস্ট মামলার আসামি সুলতানা বেগম, জহুরুল ইসলাম ও গণেশ চন্দ্র শীল এবং ফুয়েল চেকার মামলার আসামি আবুল কাশেম ও আনিসুর রহমান। নিয়োগ পরীক্ষার খাতায় ঘষামাজা করে জাল জালিয়াতির মাধ্যমে ফেল করা ওই পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছিল বলে দুদকের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল।
২০১২ সালের ১৪ সেপ্টেম্বর সহকারী কেমিস্ট এবং ১৩ সেপ্টেম্বর ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করে দুদক। দুই মামলার এজাহারে মৃধা, হাফিজুর রহমান ও গোলাম কিবরিয়াকে আসামি করা হয়। ২০১৩ সালের ১৮ আগস্ট সহকারী কেমিস্ট মামলায় মৃধাসহ ছয়জন এবং ফুয়েল চেকার মামলায় মৃধাসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। সহকারী কেমিস্ট মামলায় ২২ জন এবং ফুয়েল চেকার মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন।
রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন মৃধা, হাফিজুর ও কিবরিয়া। তাঁদের পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। কারাগারে নিয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে মৃধাসহ তিন আসামি কোনো মন্তব্য করতে রাজি হননি। মৃধা বলেন, এটি আদালতের বিষয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, রেলে নিয়োগে দুর্নীতির ঘটনা দেশব্যাপী আলোচিত। এই ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি হলে সমাজে ঘুষ, দুর্নীতি কমবে। প্রকৃত মেধাবীরা চাকরি পাবেন।