রেলের মৃধাসহ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ কেলেঙ্কারির ঘটনায় বরখাস্ত হওয়া রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ মৃধা ও তাঁর স্ত্রী জাকিয়া ইউসুফকে তাঁদের সম্পদের বিবরণীর বিষয়ে গতকাল সোমবার জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রেলের অর্থ কেলেঙ্কারির পাশাপাশি নিয়োগ-বাণিজ্যেও মৃধার সংশ্লিষ্টতা আছে বলে সন্দেহ করছে দুদকের তদন্ত দল।গত রোববার মৃধা দুদকে হাজির হলেও তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি তদন্ত দল। প্রয়োজনীয় নথিপত্র ও স্ত্রীকে নিয়ে গতকাল সোমবার আসতে বলেছিল।এর আগে গত রোববার রেলের নিরাপত্তা কর্মকর্তা কমান্ড্যান্ট এনামুল হক ও তাঁর স্ত্রী রাহাত আরা দীবা এবং গত বৃহস্পতিবার সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের চাকরিচ্যুত ব্যক্তিগত সহকারী (এপিএস) ওমর ফারুক তালুকদারের জবানবন্দি নেয় দুদক।দুদকের কাছে পেশ করা সম্পদ বিবরণীতে ইউসুফ মৃধা জানান, তাঁর এফডিআর ১০ লাখ টাকা, নগদ এক লাখ ২৫ হাজার টাকা, ব্যাংকে রয়েছে ১৮ হাজার টাকা, পূর্বাচলে পাঁচ কাঠার প্লট, রাজধানীর পীরেরবাগে পাঁচ কাঠার প্লট, চট্টগ্রামের সিডিএ এলাকায় সাড়ে তিন কাঠার প্লট ও মাদারীপুরে তিন একর কৃষিজমি রয়েছে। মৃধার স্ত্রী জাকিয়া ইউসুফের রয়েছে নিজ নামে বসুন্ধরায় পাঁচ কাঠার প্লট, মাদারীপুরে ৫৮ শতক কৃষিজমি, মানিকগঞ্জে ৯০ শতক কৃষিজমি, এফডিআর ২০ লাখ টাকা ও এক লাখ ৩৫ হাজার টাকার স্বর্ণালংকার।তবে দুদকের জমা দেওয়া তথ্যের সঙ্গে তদন্ত দলের অনুসন্ধানের পাওয়া তথ্যে অনেক গরমিল রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।রেলের নিয়োগ-বাণিজ্য: রেলের নিয়োগ-বাণিজ্য নিয়ে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে দুদক সূত্র। এ ছাড়া অনুসন্ধানের অংশ হিসেবে সোমবার রেলের পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (সিনিয়র ওয়েলফেয়ার অফিসার, ইস্ট) গোলাম কিবরিয়া ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের এডিজি হাবিবুর রহমান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় উভয় বিভাগের ছয়জন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এ ছাড়া, রেলের নিয়োগ পরীক্ষার খাতার পরীক্ষক মুসলিম হাইস্কুলের নয়জন শিক্ষককেও জিজ্ঞাসাবাদ করে তদন্ত দল। বেলা ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলেছে এই জিজ্ঞাসাবাদ।কমিশনের উপপরিচালক আবু সাইদের নেতৃত্বে সহকারী পরিচালক রাশেদুর রেজা ও মুজিবুর রহমান এই অনুসন্ধান করছেন।অনুসন্ধান বিভাগের সূত্র জানায়, ইতিমধ্যে পরিদর্শক থেকে শুরু করে এমএলএসএস পদে প্রায় দেড় হাজার লোক নিয়োগ দেওয়া হয়েছে। রেলওয়ের যন্ত্রকৌশল, ট্রাফিক, ইলেকট্রিক্যাল, নিরাপত্তা ও পরিবহন বিভাগে এসব লোক নেওয়া হয়। আরও জনবল নিয়োগের বিজ্ঞপ্তিও ইতিমধ্যে দেওয়া হয়েছে।