রেলের যাত্রীসেবার মান উন্নয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী থেকে ডুয়েল মিটারগেজ রেলপথ নির্মাণ করে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন ও যাত্রীসেবার মান উন্নয়নের দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। রেলমন্ত্রী মুজিবুল হকের রাজশাহীতে আগমন উপলক্ষে গতকাল শনিবার এক বিবৃতিতে রাজশাহীবাসীর পক্ষে এসব দাবি জানানো হয়।
রেলমন্ত্রী মুজিবুল হক আজ রোববার রাজশাহীতে আসবেন। এখানে তিনি রাজশাহী-খুলনার মধ্যে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে সংযোজিত নতুন কোচের উদ্বোধন করবেন। এরপর তিনি রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের দপ্তরের সামনে রেলওয়ে শ্রমিক লীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজশাহী শহরে গড়ে উঠেছে বহু শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে দেড় লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। সম্ভাবনা সত্ত্বেও অনুন্নত যোগাযোগের কারণে গড়ে ওঠেনি শিল্পপ্রতিষ্ঠান। রাজশাহী থেকে সরাসরি মিটারগেজ রেলপথের মাধ্যমে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ চালু করলে রাজশাহীতে পোশাকশিল্পের দ্রুত বিকাশ সম্ভব। মিটারগেজ রেলপথের মাধ্যমে এখান থেকে কনটেইনারের মাধ্যমে পণ্য পরিবহনের ব্যবস্থা করা হলে পোশাকশিল্পের উদ্যোক্তারা রাজশাহীতে কারখানা গড়ে তুলতে পারবেন। রাজশাহীর সঙ্গে রেলপথে সমুদ্রবন্দর চট্টগ্রামের যোগাযোগ স্থাপন করতে পারলে বেকারত্বের প্রকটতা হ্রাস পাবে। ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত মিশ্রগেজ দেওয়া হয়েছে। এর ফলে ঢাকা থেকে সৈয়দপুর, দিনাজপুর, রংপুরে ব্রডগেজ ও মিটারগেজ লাইনে দুধরনের ট্রেনই আসতে পারে। তাই আবদুলপুর থেকে রাজশাহী মাত্র ৪০ কিলোমিটার রেলপথে মিটারগেজ বসানো হলে রাজশাহী থেকেও দুই ধরনের ট্রেনই চলতে পারে।
এ ছাড়া রক্ষা সংগ্রাম পরিষদ রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর আন্তনগর ট্রেন চালু, রাজশাহী-ঢাকা কমপক্ষে একটি বিরতিহীন সরাসরি ট্রেন চালু এবং নাচোলে আধুনিক যাত্রীছাউনিসহ স্টেশন ভবন নির্মাণের দাবি জানায়।