রেলের লেভেল ক্রসিং অরক্ষিত, ঝুঁকিতে পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেলের একটি অরক্ষিত লেভেল ক্রসিং আছে। কিন্তু এখানে নেই কোনো গেট ও গেটম্যান। সে কারণে এই স্থান দিয়ে উদ্যানে আসা পর্যটক ও যানবাহন ঝুঁকি নিয়েই পার হচ্ছে।
উদ্যানের কর্মকর্তারা গেট বসাতে আবেদন করলেও রেলওয়ে কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপ নেয়নি।
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সিলেট-আখাউড়া রেলপথের ভানুগাছ-শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় লেভেল ক্রসিংটি অবস্থিত। সেখানে নেই কোনো নিরাপত্তা গেট। শুধু দুই পাশে দুটি সাইনবোর্ড টাঙিয়ে দায়িত্ব শেষ করেছে রেল কর্তৃপক্ষ। এই এলাকায় চলাচল করছেন বহু পর্যটক। ক্রসিংয়ের দুই পাশে পাকা রাস্তা। এ রাস্তা দিয়ে বন বিভাগের বিভিন্ন গাড়িও পারাপার হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ের বন বিশ্রামাগারের সামনে ব্যস্ততম এলাকায় রেলওয়ের এ লেভেল ক্রসিং। ভিআইপি ও বন বিভাগের যানবাহন চলাচল করার কারণে রেলক্রসিংটি সব সময় খোলা থাকে। এতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বলেন, বেশ কয়েক বছর আগে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরে বিভাগীয় বন কর্মকর্তার (বন্য প্রাণী) মাধ্যমে এখানে গেট স্থাপনের আবেদন করা হয়েছিল। আজ পর্যন্ত এ ব্যাপারে কোনো সাড়া পাওয়া যায়নি।
বাংলাদেশ রেলওয়ের গণপূর্ত বিভাগ শ্রীমঙ্গলের সহকারী প্রকৌশলী আলী আজম বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লেভেল ক্রসিং এলাকায় একটি গেট বসিয়ে সেখানে প্রহরী নিয়োগের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।