রেলের শানটিং ইঞ্জিনচালক ঘুমিয়ে পড়ায়...

আজ ভোরে চট্টগ্রামের পাহাড়তলীর ট্রেন রক্ষণাবেক্ষণের ‘মার্শাল ইয়ার্ড’ থেকে ১৬টি কোচ একটি শানটিং ইঞ্জিন দিয়ে টেনে আনছিলেন এক চালক। গন্তব্য চট্টগ্রাম রেলস্টেশন। কোচগুলো ঢাকাগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসের। ছয়টার মধ্যে কোচগুলো পৌঁছে দিতে হবে। সাড়ে পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দ!
কী হয়েছে—জানতে ছুটে এল আশপাশের লোকজন। দেখা গেল শানটিং ইঞ্জিন ও একটি বগি লাইন ছেড়ে প্লাটফর্মে উঠে পড়েছে। রেলভবনের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ঘুম থেকে উঠে চালক তখন চোখ ডলছেন।
ট্রেনকে স্টেশন থেকে ইয়ার্ডে নেওয়ার জন্য শানটিং ইঞ্জিন ব্যবহার করা হয়। গন্তব্যে যেতে ব্যবহৃত হয় মূল ইঞ্জিন।
মহানগর প্রভাতী এক্সপ্রেসের লোকমাস্টার (চালক) এ কে এম জহুরুল হক প্রথম আলোকে বলেন, আজ সকালে তিনি ঢাকাগামী প্রভাতী এক্সপ্রেসের ১৬টি কোচ একটি শানটিং ইঞ্জিন দিয়ে টেনে পাহাড়তলীর মার্শাল ইয়ার্ড থেকে চট্টগ্রাম স্টেশনের দিকে নিয়ে আসছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম রেলস্টেশনের প্রবেশ ফটকে আসার পর ট্রেনের ইঞ্জিন এবং একটি কোচ লাইনচ্যুত হয়ে প্লাটফর্মে উঠে যায়। প্লাটফর্ম ভেঙে গেছে। ট্রেনের ইঞ্জিন থাকা বগি রেলভবনের দেয়ালে ধাক্কা দেয়। এতে ইঞ্জিনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে জহুরুল হকের দাবি, ‘আমি তখন তন্দ্রাচ্ছন্ন ছিলাম। এ অবস্থায় দুর্ঘটনাটি ঘটে। পর পর দুই রাতে আমি নাইট ডিউটি করেছি। এ কারণে এ ঘটনা ঘটেছে।’
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এম মুরাদ হোসেনের ভাষ্য, চালক ঘুমের ঘোরে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের প্রকৌশল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন।
মুরাদ হোসেন জানান, প্রভাতী এক্সপ্রেসের দুর্ঘটনাকবলিত কোচটি রেখে বাকি ১৫টি কোচ নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে সকাল সাড়ে সাতটার দিকে ছেড়ে গেছে।