রেলে নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পলাতক আসামি গোলাম কিবরিয়া গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের ফুয়েল চেকার ও সহকারী কেমিস্ট পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন।
তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট গোলাম কিবরিয়া, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধা, অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমানসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মৃধাসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।