রেলের সেই স্লিপার সরিয়ে বসানো হয়েছে পাটাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গৌরীপুর উপজেলার বলুয়া গ্রামে চৌকা নদীর ওপরের সেতুটির রেলের স্লিপার সরিয়ে সেখানে কাঠের পাটাতন বসিয়েছে স্থানীয় প্রশাসন।
সেতুটি ১৯৭১ সালের ১২ অক্টোবর ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন ঈশ্বরগঞ্জের মুক্তিযোদ্ধারা। এরপর সেটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয়নি কেউ। এতে দীর্ঘদিন ধরে ওই দুই উপজেলার সাতটি গ্রামের লোকজন একটি মাত্র রেলের স্লিপার ধরে ঝুঁকির মধ্য দিয়ে চলছিল। এ নিয়ে গত ১৫ জুন প্রথম আলোর বিশাল বাংলার পাতায় একটি সংবাদ প্রকাশিত হয়।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, সেই রেলের স্লিপার সরিয়ে স্থানীয় রামগোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন চলাচলের জন্য পিলার তৈরি করে তাতে কাঠের পাটাতন বসিয়েছে। ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম শিকদার জানান, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন ও ইউপি কার্যালয় অস্থায়ীভাবে সেখানে পাটাতন তৈরি করে দিয়েছে। স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প জমা দেওয়া হয়েছে। দ্রুত ওই স্থানে সেতু নির্মাণ করা যাবে।
গৌরীপুর পি জে কে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সালাম বলেন, রেলের স্লিপারে ঝুঁকি নিয়ে আগে শিক্ষার্থী কম এলেও এখন পাটাতন তৈরি হওয়ায় স্কুলে শিক্ষার্থীর উপস্থিতির হার বেড়ে গেছে।