অনিয়মের অভিযোগে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ রেলওয়ের নিয়োগ-প্রক্রিয়া দুই মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। গতকাল মঙ্গলবার রেলভবনে সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মুজিবুল হক বলেন, গত বছরের ৯ এপ্রিল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান কার্যালয়ের গেটে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এ নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে মন্ত্রণালয় এ বিষয়ে পুনরায় নিয়োগ-প্রক্রিয়া শুরু করতে চাইলে উচ্চ আদালতে রিট আবেদন হয়। আদালত অনুমতি দেওয়ায় নিয়োগ-প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এক হাজার ৪৪১টি খালাসি এবং ১৪৩টি অ্যাটেনডেন্ট পদে নিয়োগের জন্য নতুন দুটি কমিটিও গঠন করা হচ্ছে।গত বছর ৯ এপ্রিল সাবেক রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব ওমর ফারুক তালুকদারের গাড়িচালক বিপুল ঢাকাসহ পিলখানায় ঢুকে পড়েন। এ সময় রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা এনামুল হক ওই গাড়িতে ছিলেন। পরে গাড়িচালক আজম খান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এই অর্থ সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাচ্ছিল।রেলপথমন্ত্রী জানান, দুটি ক্যাটাগরিতে নিয়োগে নতুন করে আবেদন করতে হবে না। সেই সময়ের আবেদনকারীদের মধ্যে খালাসি পদে ৩৬ হাজার ৪৫৩টি এবং অ্যাটেনডেন্ট পদে ১১ হাজার ৬৪৪টি সঠিক ও বৈধ আবেদনকারীর পরীক্ষা নিয়ে তাঁদের মধ্যে থেকেই নিয়োগ দেওয়া হবে। নতুন নিয়োগ-প্রক্রিয়ায় নিয়োগ কমিটির কোনো গাফিলতি পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।অর্থ কেলেঙ্কারির ঘটনা, নিয়োগ-বাণিজ্য ও ট্রেনের সময়সূচি বিপর্যয় নিয়ে নানা অভিযোগ থাকলেও গত চার বছরে রেলে শতভাগ সফলতা অর্জিত হয়েছে বলে দাবি করেন মুজিবুল হক। রেলের সম্পত্তি বেহাত হয়ে যাওয়া বা অবৈধভাবে হস্তান্তর করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রেলের এক ইঞ্চি জমিও কাউকে দিইনি।’রেলসচিব মহবুব উর রহমান, রেলের মহাপরিচালক আবু তাহেরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।