রেলের স্লিপার কারখানা ১০ মাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের একমাত্র কংক্রিট স্লিপার কারখানাটি প্রায় ১০ মাস ধরে বন্ধ। স্লিপার তৈরির কাঁচামাল-সংকট এবং স্লিপারের চাহিদা কমে যাওয়ায় এটি বন্ধ রয়েছে বলে জানা গেছে।
স্লিপার কারখানার কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলা শহরে এই কংক্রিট স্লিপার কারখানাটি অবস্থিত। ১৯৮৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। কারখানাটি ছাতক রেলওয়ের নিয়ন্ত্রণাধীন। গত ১০ মার্চ থেকে কারখানায় স্লিপার উৎপাদন বন্ধ রয়েছে। এতে কারখানার প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মচারী বেকার সময় কাটাচ্ছেন। বর্তমানে ছাতকের কারখানায় ২৭ হাজার স্লিপার মজুত রয়েছে।
ছাতক রেলওয়ের কর্মকর্তা সূত্রে জানা যায়, ছাতকে তৈরি এসব স্লিপার রেলওয়ে লাইনের নিয়মিত সংস্কারকাজে ব্যবহৃত হয় বেশি। এ ছাড়া রেলওয়ের বড় প্রকল্পের মাধ্যমে যেসব কাজ হয়, সে কাজের জন্যও স্লিপার দরকার হয়। স্লিপার তৈরির জন্য কাঁচামাল আমদানি করতে হয়। এ জন্য রেলওয়ে কর্তৃপক্ষ দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দেয়।
জানা গেছে, শুধু কাঁচামাল-সংকট নয়, দেশের অভ্যন্তরে ব্যক্তিমালিকানায় কিছু স্লিপার কারখানা গড়ে উঠেছে। এ কারণে ছাতকের ওই কারখানা থেকে স্লিপার নেওয়া কমে গেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এ প্রতিষ্ঠানটির দিকে কর্তৃপক্ষের নজরও কমে গেছে। রেলওয়ের কিছু সাবেক ও বর্তমান কর্মকর্তা ওই সব ব্যক্তিমালিকানাধীন কারখানার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁদের যোগসাজশে ওই সব কারখানা থেকে স্লিপার সংগ্রহ করা হয়। এসব প্রতিষ্ঠানের স্লিপারের দাম কম হলেও মান নিয়ে প্রশ্ন আছে। এর আগেও কাঁচামালের সংকটসহ নানা কারণে ছাতকের স্লিপার কারখানাটি কয়েকবার বন্ধ ছিল।
কারখানার কর্মকর্তা-কর্মচারীরা জানান, কংক্রিট স্লিপার তৈরির অন্যতম উপাদান হচ্ছে সিমেন্ট, পাথর ও বালু। ছাতকে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন সিমেন্ট কারখানা অবস্থিত। এ ছাড়া এখানে উন্নতমানের পাথর ও বালু পাওয়া যায়। বিষয়টি মাথায় রেখেই সরকার এই কংক্রিট স্লিপার কারখানাটি ছাতকে প্রতিষ্ঠা করে। কারখানা চালু থাকলে প্রতি মাসে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার স্লিপার তৈরি হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কারখানার মূল ফটক বন্ধ। ভেতরে তেমন লোকজন নেই। কয়েক স্থানে বোল্ডার পাথর সাজিয়ে রাখা। কারখানার পূর্ব পাশে স্লিপারের বিশাল স্তূপ। আবু তাহের ও আবুল বশর নামের দুই ব্যক্তি এগিয়ে এসে পরিচয় দেন, তাঁরা কারখানার খালাসি। তবে কারখানা বন্ধ থাকায় বর্তমানে তাঁরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আবু তাহের জানালেন, কারখানা বন্ধ থাকায় বেকার সময় কাটাচ্ছেন সবাই। শুধু কর্মকর্তা-কর্মচারী নয়, এলাকার শতাধিক শ্রমিকও বেকার।
ছাতক বাজারের বালু-পাথর ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘আমার মনে হয়, এ প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধের চেষ্টা চলছে। তা না হলে সরকারি প্রতিষ্ঠান কেন বারবার বন্ধ হবে। রেলওয়ের ভেতরেই কালো বিড়াল থাকতে পারে।’
এ ব্যাপারে ছাতকে রেলওয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল জলিল বলেন, ‘আমাদের এখানে তৈরি স্লিপারের মান উন্নত। যে কাঁচামালের জন্য কারখানাটি বন্ধ আছে, সেটি আমদানির প্রক্রিয়া চলছে। কাঁচামাল এলে আবার কারখানা চালু হবে। ব্যক্তিমালিকানায় গড়ে ওঠা স্লিপার কারখানার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।