রেলের স্লিপার চুরি ইউপি সদস্য কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের স্লিপার চুরির ঘটনায় হাতেনাতে ধরা পড়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আহসান হাবিব বর্তমানে কারাগারে আছেন।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান জানান, ২০ মার্চ রাতে পার্বতীপুর মধ্যপাড়া রেলপথের স্লিপারগুলো চুরি হয়। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ের ঊর্ধ্বতন প্রকৌশলী আহসান হাবিব বাদী হয়ে ২১ মার্চ রেলওয়ে থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, স্লিপারগুলো উদ্ধারে পুলিশ ওই দিন থেকে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দুপুরে পুলিশ সদস্যরা তুলশিপুকুর এলাকায় ইউপি সদস্য আহসান হাবিবের করাতকলে গিয়ে দেখেন স্লিপারগুলো কাটার কাজ চলছে। পুলিশ তাৎক্ষণিকভাবে স্লিপারগুলো জব্দ এবং করাতকলের মালিক আহসান হাবিবকে আটক করে পার্বতীপুর জিআরপি থানার নিয়ে আসে। থানায় জিজ্ঞাসাবাদে আহসান হাবিব স্লিপারগুলো ২০ মার্চ রাতে চুরি যাওয়া স্লিপার বলে স্বীকার করেন। তবে তিনি স্লিপারগুলো যারা চুরি করেছে তাদের কাছ থেকে কিনেছেন বলে দাবি করেন।
পুলিশ ইউপি সদস্য আহসান হাবিবকে চুরির অভিযোগে রেল কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত শুক্রবার দিনাজপুর নির্বাহী হাকিমের আদালতে হাজির করে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।