রেলের ২০ কোটি টাকার দরপত্রে সমঝোতা?
রেলওয়ে পশ্চিমাঞ্চলের ২০ কোটি টাকার দরপত্রে সমঝোতা করার অভিযোগ উঠেছে। সমঝোতার কারণে নির্ধারিত তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিতে পেরেছে। অন্যরা বাধার মুখে দরপত্র জমা দিতে পারেনি।
রাজশাহীতে অবস্থিত রেলওয়ে পশ্চিমাঞ্চলের কার্যালয় সূত্র জানায়, যমুনা সেতু (পূর্ব) স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী বাইপাস পর্যন্ত রেলপথে ‘এইচ বিম’ সরবরাহ ও স্থাপনের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়। এ কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা। গত রোববার দরপত্র কেনার এবং গতকাল সোমবার তা জমা দেওয়ার শেষ দিন ছিল।
ঠিকাদারদের অভিযোগ, দরপত্রে এমন কিছু শর্ত রাখা হয়েছিল, যাতে সাধারণ ঠিকাদারেরা তাতে অংশ নিতে না পারেন। মূলত নূর-এ-এলাহী অ্যান্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার চেষ্টা চলছে। এ জন্য তিন কোটি টাকায় সমঝোতা হয়েছে। আরও যে দুটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে, তারা সাজানো। ওই প্রতিষ্ঠান দুটি হচ্ছে ম্যাক্স অটো ইনফ্রাস্ট্রাকচারা লিমিটেড ও তমা কনস্ট্রাকশন।
দরপত্র জমা দিতে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের প্রতিনিধি মুনির আহম্মেদ খান রাজশাহীতে আসেন। তিনি বলেন, গতকাল সকাল সাড়ে ১০টায় তিনি দরপত্র জমা দিতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের কার্যালয়ে যান। তখন কার্যালয়ের বাইরে থাকা একদল লোক তাঁর হাত থেকে কাগজপত্র কেড়ে নেয়। তিনি দরপত্র জমা দিয়ে চলে যাওয়ার জন্য কাগজপত্র ফেরত চান। কিন্তু কাগজপত্র ফেরত না দিয়ে উল্টো তাঁকে আটকে রাখে লোকগুলো। এমনকি তারা তাঁকে মারধরও করে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল দুপুর ১২টা। তাঁকে বেলা পৌনে দুইটার দিকে কাগজপত্র ফেরত দিয়ে বিদায় করে দেয় তারা।
জানতে চাইলে রেলওয়ে পশ্চিমাঞ্চলের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি সারাক্ষণই নিজের কার্যালয়ে ছিলেন। দরপত্র জমায় বাধা দেওয়ার ঘটনা তাঁর জানা নেই। সমঝোতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বাইরে ঠিকাদারেরা কী করেছেন, সেটা তাঁদের জানার বিষয় নয়। ঠিকাদারকে আটকে রাখার বিষয়ে তিনি বলেন, চট্টগ্রামের দুজন ঠিকাদার তাঁর কাছে বসে ছিলেন। তাঁদের হাতে কোনো কাগজ তিনি দেখেননি। তাঁরা কোনো অভিযোগও দেননি। ওই ঠিকাদারেরা তাঁকে বলেছেন, তাঁরা পরিচিত হতে এসেছেন।