রেলের ৫ একর জায়গা দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশ্চিম জোয়াই এলাকায় গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রেলওয়ের জায়গা দখলমুক্ত করছেন l প্রথম আলো
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশ্চিম জোয়াই এলাকায় গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রেলওয়ের জায়গা দখলমুক্ত করছেন l প্রথম আলো

রেলওয়ে কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় ফরিদপুরে অবৈধ দখলে থাকা তাদের মালিকানাধীন পাঁচ একরের বেশি (২ লাখ ৭১ হাজার ৭০০ বর্গফুট) জায়গা গতকাল বুধবার দখলমুক্ত করেছে।
বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম এস এম শাহীন।
রেলওয়ে সূত্র জানায়, ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডা জোয়াইর এলাকায় রেলের ওই জায়গাটি দখল করে রেখেছিল জোবায়দা-করিম জুট মিল কর্তৃপক্ষ। এ অভিযানের সময় রেলওয়ের পাকশি কার্যালয়ের সার্কেল কর্মকর্তা রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন। ওই মিল কর্তৃপক্ষ রেলের ২ হাজার ৪৬০ ফুট দীর্ঘ ও ৯৫ ফুট প্রস্থবিশিষ্ট ২ লাখ ৭১ হাজার ৭০০ বর্গফুট (৫ একর ৩৭ শতাংশ) জায়গা অবৈধভাবে দখল করে পিলার গেড়ে ও কাঁটাতার দিয়ে আটকে রেখেছিল।
তবে জোবায়দা-করিম জুট মিলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সাজ্জাদুর রহমান দাবি করেছেন, মিল কর্তৃপক্ষ রেলের কাছ থেকে ওই জায়গা ইজারা নিয়েছিল। তিনি বলেন, উচ্ছেদের আগে রেল কর্তৃপক্ষ তাদের কোনো নোটিশ দেয়নি।
তবে এ অভিযোগ নাকচ করে দিয়ে রেলওয়ের পাকশি কার্যালয়ের সার্কেল কর্মকর্তা রাফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, রেল কর্তৃপক্ষ প্রায় তিন বছর আগেই ওই ইজারা বাতিল করে দিয়েছে। তিনি বলেন, ওই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষ একাধিকবার জুটমিল মালিককে নোটিশ দিয়েছিল। কিন্তু মিল কর্তৃপক্ষ স্বেচ্ছায় রেলের দখল করা জায়গা ছেড়ে না দেওয়ায় বাধ্য হয়ে গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একই সময় বাখুন্ডা রেলস্টেশন এলাকায় অবৈধ ৩০টি দোকান ও ৭০টি বস্তিঘর মালিককে এক সপ্তাহের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সেগুলোও উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।