রেশন, আবাসন ও চিকিৎসা সেবা নিয়ে শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন মৃর্ত্তিঙ্গা চা-বাগানে রেশনে নিম্নমানের আটা দেওয়া, জরাজীর্ণ আবাসন ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েক দিন ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। শিগগির এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন শ্রমিকেরা।গতকাল শুক্রবার বিকেলে সরেজমিন মৃর্ত্তিঙ্গা চা-বাগান ঘুরে এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্দশার বিভিন্ন চিত্র পাওয়া গেছে। আলাপকালে চা-শ্রমিক সু নারাইন কুর্মী, মন্নান মিয়া, আরতী ঘোষ ও কাজল কুর্মীসহ অন্যরা জানান, দুই মাস ধরে কর্তৃপক্ষ রেশনে খুবই নিম্নমানের আটা বিতরণ করছে। লালচে রঙের ভুসিযুক্ত আটা খাওয়ারযোগ্য নয়। তাঁরা দুই মাস আগে বাগান ব্যবস্থাপকের সঙ্গে দেখা করে ভালো আটা দেওয়ার দাবি জানিয়েছিলেন। তার পরও কর্তৃপক্ষ এ ধরনের আটা বিতরণ করছে। সম্প্রতি বাগানের প্রায় সাড়ে ৭০০ শ্রমিক এ আটা না নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। চা-শ্রমিকেরা আরও জানান, শ্রমিক আইন অনুযায়ী তাঁদের জন্য স্বাস্থ্যসম্মত বসতঘর নির্মাণ করে দেওয়ার কথা থাকলে এ চা-বাগানে শতাধিক ঘর বসবাসের অযোগ্য। সম্প্রতি কালবৈশাখীতে এসব ঘরের ওপরের শণের ছাউনি উড়ে গেলেও আজ পর্যন্ত কর্তৃপক্ষ ঘরগুলো মেরামত করেনি। চা-বাগানে একজন করে এমবিবিএস চিকিৎসক থাকার কথা থাকলেও এ বাগানে একজন কম্পাউন্ডার চিকিৎসকের দায়িত্ব পালন করছেন। তা ছাড়া বিধি মোতাবেক একজন নতুন চা-শ্রমিক তিন মাস কাজ করার পর তাঁকে নিয়মিত শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও দুই বছর কাজ করেও অনেক শ্রমিক স্থায়ীভাবে নিয়োগ পাননি। এসব কারণে সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। চা-শ্রমিকেরা আরও বলেন, ১৬ মের মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা আন্দোলনের পথ বেছে নেবেন।শ্রমিকদের অভিযোগ সম্পর্কে মৃর্ত্তিঙ্গা চা-বাগানের ব্যবস্থাপক সুজীৎ কুমার সাহা বলেন, এ বাগানে কোনো সমস্যা নেই। গম ভাঙার কলের যান্ত্রিক ত্রুটির কারণে রেশনের আটার এ সমস্যা হয়েছে। তবে দু-এক দিনের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে। ৬৫টি জরাজীর্ণ ঘরের মধ্যে ইতিমধ্যে ৪৫টি ঘর মেরামত হয়ে গেছে। বাকিগুলোও মেরামত হবে। চিকিৎসাসেবার ক্ষেত্রে ভালো সেবা প্রদান করা হচ্ছে বলে দাবি করেন বাগান ব্যবস্থাপক।