রেশনিং করে গ্যাস সংকটের সমাধান হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের বিদ্যমান সংকট নিরসনে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য এলাকাভিত্তিক পৃথক ছুটির দিন নির্ধারণসহ (হলিডে স্ট্যাগারিং) গ্যাস রেশনিংয়ের সরকারি উদ্যোগ আগামী সপ্তাহ থেকে কার্যকর হতে পারে। তবে তাতে সামগ্রিকভাবে গ্যাস সংকটের কোনো সমাধান হবে না।বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে গতকাল সোমবার অনুষ্ঠিত এক সভায় বক্তারা এ কথা বলেন। এর আগে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির পক্ষ থেকে পেট্রোবাংলার কাছে গ্যাস রেশনিংয়ের প্রস্তাব পাঠানো হয়। পেট্রোবাংলা বিষয়টি নিয়ে গ্যাস ব্যবহারকারী শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে। তারা রেশনিংয়ের প্রস্তাবে রাজিও হয়। বিষয়টি নিয়ে এর আগেও একবার মন্ত্রণালয়ে সভা করা হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের কোন দিন কোন এলাকায় গ্যাস ব্যবহারকারী শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে পেট্রোবাংলার বৈঠক করার কথা। এরপর তা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথা। সেখানকার অনুমোদন পেলেই ওই ব্যবস্থা কার্যকর করা হবে বলে সভায় জানানো হয়। গতকালের সভায় পেট্রোবাংলার পক্ষ থেকে হলিডে স্ট্যাগারিংয়ের একটি সূচি উপস্থাপন করে বলা হয়, এই ব্যবস্থা কার্যকর করা হলেও সামগ্রিকভাবে গ্যাস সমস্যার কোনো সমাধান হবে না। কারণ, যেদিন যে এলাকার শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সরবরাহ বন্ধ রাখা হবে, সেদিন শুধু ওই এলাকার অন্যান্য গ্রাহক কিছুটা বাড়তি গ্যাস পেতে পারে। অন্য এলাকায় এর কোনো প্রভাব পড়বে না। তা ছাড়া রেশনিং করতে হলে গ্যাস ব্যবহারকারীদেরই নিজস্ব উদ্যোগে নির্দিষ্ট দিনে ব্যবহার বন্ধ রাখতে হবে। কারণ গ্রাহক বিভিন্ন শ্রেণীর হলেও গ্যাসের আলাদা লাইন নেই। তাই শিল্প ও বাণিজ্যিক গ্রাহকেরা নিজেদের উদ্যোগেই যদি গ্যাস ব্যবহার বন্ধ না রাখেন, তাহলে সামান্যতম লাভও হবে না।গতকালের সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী পেট্রোবাংলার কর্মকর্তাদের বলেছেন, তারাই যেন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে হলিডে স্ট্যাগারিং কার্যকর করেন। এটি আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে হবে না। পেট্রোবাংলা সূত্র জানায়, বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারত সফরে গেছেন। তাই তাঁরা ফিরে আসার পর ওই বৈঠক হবে। বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ২৩০ কোটি ঘনফুট। উত্পাদন হচ্ছে ১৯০ কোটি ঘনফুটের মতো। ঘাটতি প্রায় ৪০ কোটি ঘনফুট। এর মধ্যে তিতাস গ্যাস কোম্পানির এলাকাতেই ঘাটতি প্রায় ২৫ কোটি ঘনফুট। কয়েক বছর ধরে সারা বছরই চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি থাকে। শীতের সময় ব্যবহার বৃদ্ধি ও পাইপলাইনে কনডেনসেট (গ্যাসের সঙ্গে থাকা তরল জ্বালানি) জমে সরবরাহ সংকট প্রকট হয়ে ওঠে।