রেশনিং চালুর দাবিতে বিক্ষোভ
ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পল্লী রেশনিং চালুর দাবিতে গতকাল শনিবার নোয়াখালীতে লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।
সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ওই মিলনায়তনে সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি সোহেল আহমেদ।
ক্ষেতমজুর সমিতির নোয়াখালী জেলা শাখার সভাপতি আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল আহমেদ, জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মজিবুল হক। বক্তারা বলেন, দেশের শতকরা ৭০ ভাগ মানুষ ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুর। সংখ্যাগরিষ্ঠ এই অংশ সমাজে সবচেয়ে শোষিত, বঞ্চিত ও অত্যাচারিত। গ্রামীণ এই মজুরদের সারা বছর কাজ ও ন্যায্য মজুরির নিশ্চয়তা নেই।
ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পল্লী রেশনিং চালু করে প্রতি কেজি চাল-আটা-লবণ পাঁচ টাকা, তেল-ডাল ৩০ টাকা, চিনি-কেরোসিন ১৫ টাকা দরে সরবরাহ; সারা বছর কাজ ও দৈনিক সর্বনিম্ন ৩৫০ টাকা মজুরি এবং নারী-পুরুষের সমকাজে সমান মজুরির বিধান করার দাবি জানান বক্তারা।