রেশনের দাবিতে খেতমজুরদের সমাবেশ
খেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য খাসজমি বন্দোবস্ত, বছরে ১০০ দিন কর্মসৃজন প্রকল্প ও পল্লি রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ক্ষেতমজুর সমিতি গতকাল বুধবার দিনাজপুরে সমাবেশ করেছে।
বিকেল চারটায় দিনাজপুর রেলস্টেশন চত্বরে ওই সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম, কৃষক সমিতির জেলা আহ্বায়ক বদিউজ্জামান, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য যোগেশ চন্দ্র রায় প্রমুখ।
ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভিযোগ করেন, তাঁদের আন্দোলনের ফলে সাবেক তত্ত্বাবধায়ক সরকার দেশের গ্রামাঞ্চলে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি চালু করেছিল। গ্রামীণ খেতমজুররা সারা বছর কাজ পেয়েছেন। কিন্তু, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ওই কর্মসূচি বাতিল করে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু করে। পরে গ্রামীণ খেতমজুরেরা বিক্ষোভ-মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।