রেশম কারখানা চালুসহ আট দফা দাবি, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট দফা দাবিতে রাজশাহী নগরে গতকাল রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে মিছিল বের করা হয় l প্রথম আলো
আট দফা দাবিতে রাজশাহী নগরে গতকাল রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে মিছিল বের করা হয় l প্রথম আলো

রাজশাহীর বন্ধ রেশম কারখানা চালু করা, পদ্মার ভাঙন থেকে রাজশাহীকে রক্ষা ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, পাসপোর্ট কার্যালয়কে দালালমুক্ত করাসহ আট দফা দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় নগরের ভুবন মোহন পার্কে সমাবেশ থেকে ওই দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও পদ্মার ভাঙন থেকে রাজশাহীকে রক্ষার ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এতে শত শত মানুষ বসতভিটা হারিয়ে পথে বসেছে। সিটি করপোরেশনকে পর্যাপ্ত বাজেট বরাদ্দ না দেওয়ায় থমকে গেছে উন্নয়ন। নগরে মাদকের ছোবলে যুবসমাজ ধ্বংস হলেও গ্রেপ্তার করা হচ্ছে না গডফাদারদের।
সমাবেশে বক্তারা বলেন, গঙ্গা ব্যারেজ নির্মাণ না করায় উত্তরাঞ্চলের কৃষি আজ হুমকির মুখে পড়েছে। একইভাবে বরেন্দ্র অঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষার জন্য উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের কোনো বিকল্প নেই। শুধু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই প্রকল্পটি আলোর মুখ দেখতে পায়নি।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান এবং মোশাররফ হোসেন আখুঞ্জি, শাহজাহান আলী বরজাহান, হাসান মিল্লাত, মোজাম্মেল হক, জয়তুনা খাতুন, জেসমিন আরা, কল্পনা রায়, আলাউদ্দিন আজাদ, এন্তাজুল হক, রিয়াজ উদ্দিন আহমেদ, নিলুফা ইয়াসমিন প্রমুখ।
পরে একই দাবিতে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আট দফার মধ্যে রয়েছে উত্তরা রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, গঙ্গা ব্যারেজ নির্মাণ, পদ্মার ভাঙন থেকে রাজশাহীতে রক্ষা, রেশম কারখানা খুলে দেওয়া, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, গ্যাস সংযোগ নিশ্চিত করা, পাসপোর্ট কার্যালয় দালালমুক্ত করা ও নগরকে মাদকমুক্ত করা।