মহাজোট সরকারের তিন বছর পেরিয়ে গেলেও রাজশাহীর উন্নয়নে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির অনেক কিছুই পূরণ হয়নি। বেশির ভাগ প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান বলেন, ‘সব মিলিয়ে মানুষ হতাশ।’ মহাজোটের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল রাজশাহীকে রেশমনগর হিসেবে গড়ে তোলা, গ্যাস সরবরাহ, বিদ্যুৎকেন্দ্র স্থাপন, তথ্যপ্রযুক্তিনগর করার পরিকল্পনা গ্রহণ, চিকিৎসাব্যবস্থার উন্নয়ন, শহর রক্ষা বাঁধ সংস্কার, কৃষকদের সার ও সেচসংকট মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ। কিন্তু এর বেশির ভাগ এখনো পূরণ হয়নি। রেশমনগর: জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি সূত্রে জানা গেছে, রাজশাহী বিসিক শিল্পনগর ও এর বাইরের মিলিয়ে মোট ৭৭টি রেশম কারখানা ছিল। বর্তমানে চার-পাঁচটি কারখানা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। অনেক কারখানায় এখন অটোরিকশা গ্যারেজ করা হয়েছে। কোথাও কোথাও মানুষজন বাসাবাড়ি তৈরি করে বসবাস করছে। রেশম বোর্ডের কর্মচারী ও জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ-এর রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অসীত পাল বলেন, রাজশাহী রেশমনগর হয়ে উঠবে, তেমন আশার আলো দেখছেন না। বিদ্যুৎকেন্দ্র: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নগরের কাটাখালীতে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলছে। গত বছরের এপ্রিলে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। গ্যাস সরবরাহ: নির্বাচনী প্রতিশ্রুতি ছাড়াও মহাজোট থেকে নির্বাচিত সাংসদ ফজলে হোসেন বাদশা বিভিন্ন অনুষ্ঠানে ২০১১ সালের মধ্যে গ্যাস আসবে বলে জানিয়েছিলেন। কিন্তু ২০১১ পেরিয়ে গেলে রাজশাহীবাসী গ্যাস পায়নি। তবে নগরে গ্যাসলাইন স্থাপন করা হয়েছে। তথ্যপ্রযুক্তিনগর: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ আহম্মেদ বলেন, তথ্যপ্রযুক্তিনগর হলে শিক্ষানগর খ্যাত রাজশাহী সত্যিকার অর্থে শিক্ষানগরে পরিণত হবে বলে আশা ছিল। কিন্তু সরকারের তিন বছরেও এ ধরনের কোনো উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীরা হতাশ। চিকিৎসাব্যবস্থা: চিকিৎসাব্যবস্থার উন্নয়নে তেমন কিছু করা হয়নি। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা ও নগরে অবৈধ ক্লিনিক ব্যবসার বিরুদ্ধে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। নগরে চিকিৎসার মান কমে যাওয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কর্তব্যে অবহেলাসহ নানা অভিযোগ রয়েছে। কিন্তু এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।সেচসংকট মোকাবিলা: উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় কৃষকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। গত ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফরে এলে মহাজোটের পক্ষ থেকে ১৪ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উত্তর রাজশাহী সেচ প্রকল্পের কথাও উল্লেখ ছিল। কিন্তু প্রধানমন্ত্রী একটি দফাও বাস্তবায়নের ঘোষণা দেননি। রাজশাহী সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি চৌধুরী সারোয়ার জাহান বলেন, ‘রেশমনগর তো নয়, রেশম কারখানা খুলে দেওয়ার কথা ছিল। সেটা নিয়ে একটি জট তৈরি হয়েছে, সেটা খোলার চেষ্টা হচ্ছে।’ তবে জামাত খান বলেন, ‘রেশমনগর তো হয়ইনি, উল্টো কারখানা বন্ধ হয়ে শ্রমিকেরা ধুঁকে ধুঁকে মরছে। গ্যাস নিয়েও ষড়যন্ত্র চলছে।’ফজলে হোসেন বাদশা বলেন, ‘রেশমনগর করার দাবি আমি বারবার পার্লামেন্টে তুলেছি। কিন্তু বন্ধ হয়ে যাওয়া কারখানাই খুলে দেওয়া সম্ভব হয়নি।’ আগামী জুন মাসেই রাজশাহীতে গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ফজলে হোসেন বলেন, বিদ্যুৎকেন্দ্রের কাজ চলছে, আইটি সিটি পরিকল্পনার মধ্যে রয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আমার মনে হয়, অতীতেও কেউ শতভাগ প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আর যাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁদের মেয়াদ তো আছে।’