প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া বিস্ময়কন্যা রেশমা আজ বৃহস্পতিবার সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়া পাচ্ছেন। রেশমা রাজধানীর ওয়েস্টিন হোটেলে হাউসকিপিং বিভাগের পাবলিক এরিয়া অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিচ্ছেন। সেনাবাহিনীর সদর কার্যালয় জানানিয়েছে, আজ সকাল নয়টায় রেশমাকে সিএমএইচ থেকে ছুটি দেওয়া হবে। এ উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে ওয়েস্টিন হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেলে সেখানে রেশমার উপস্থিতিতে সংবাদ সম্মেলন করা হবে। রেশমা রানা প্লাজার তৃতীয় তলার একটি পোশাক কারখানায় কাজ করতেন। ভবনটি ধসের ১৭ দিন পর গত ১০ মে তাঁকে জীবিত উদ্ধার করা হয়। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরে। প্রথমে রেশমা সাভার সিএমএইচের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নেন। এরপর তিনি সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।