রেশমাকে চাকরি থেকে বরখাস্ত কারাগারে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নাসরিন আখতার ওরফে রেশমাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবদুল মজিদ গতকাল শনিবার মহানগর মুখ্য হাকিম আদালতে তাঁকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবদুল মজিদ জানান, রিমান্ডের জন্য সাত দিনের আবেদন করা হলেও শুনানির দিন ধার্য হয়নি।
শফিউল হত্যাকাণ্ডের পর কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের সহকারী সেকশন অফিসারের দায়িত্বে থাকা নাসরিন আখতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক জানান, ঘটনার পর থেকে নাসরিন আখতার কর্মস্থলে আসেননি। যোগদানের জন্য তাঁকে নোটিশ পাঠানো হয়। এর পরও অনুপস্থিত থাকায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রেশমা এই হত্যার ঘটনায় র্যা বের হাতে ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে গ্রেপ্তার আবদুস সামাদ ওরফে পিন্টুর স্ত্রী। হত্যাকাণ্ডের পর সংবাদ সম্মেলন করে র্যা ব দাবি করে, রেশমার সঙ্গে অধ্যাপক শফিউলের ‘অসৌজন্যমূলক আচরণের’ কারণেই হত্যার পরিকল্পনা করেন পিন্টু। নগর ডিবির একটি দল গত শুক্রবার বিশ্ববিদ্যালয়-সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে রেশমাকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিউল হত্যার ঘটনায় রেশমা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। আপাতত তাঁর দেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
গত বছরের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন অধ্যাপক শফিউল ইসলাম। এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মতিহার থানায় হত্যা মামলা করেন।