রেশমাকে নিয়ে সানডে মিররের প্রতিবেদন বিভ্রান্তিমূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাককর্মী রেশমা বেগমকে উদ্ধার নিয়ে যুক্তরাজ্যের ট্যাবলয়েড পত্রিকা সানডে মিরর-এ প্রকাশিত প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ধসে পড়া রানা প্লাজা থেকে ১৭ দিন পরে রেশমা বেগমকে উদ্ধার করা হয়। এ নিয়ে গত রোববার প্রকাশিত সানডে মিরর-এর প্রতিবেদনে রেশমাকে উদ্ধারের ঘটনাটিকে ‘সাজানো নাটক’ হিসেবে অভিহিত করা হয়েছে। গতকাল প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সানডে মিররের ওই প্রতিবেদনটি অনুবাদ করে ছাপানো হয়।

এ নিয়ে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সানডে মিরর-এর প্রতিবেদন উদ্ধৃত করে কয়েকটি জাতীয় দৈনিক অপরিণামদর্শী ও অমানবিকভাবে মনগড়া প্রতিবেদন প্রকাশ করে, যা দায়িত্বশীল সংবাদমাধ্যমের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর থেকে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসির নেতৃত্বে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সেনাসদস্য এবং ফায়ার সার্ভিস আটকা পড়া মানুষকে উদ্ধারে অভিযান শুরু করে। উদ্ধারকাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার নবম পদাতিক ডিভিশনের জিওসিকে প্রধান সমন্বয়ক করে সমন্বয় কমিটি গঠন করেছিল।

উদ্ধারকাজের দ্বিতীয় পর্যায়ে ২৮ এপ্রিল রাত ১২টা থেকে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধারকাজ শুরু করা হয়েছিল। ধ্বংসস্তূপের ভেতরে কতজন আটকে পড়েছিলেন এর সঠিক পরিসংখ্যান কারও কাছেই ছিল না। উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং আইএসপিআর গণমাধ্যমকে তথ্য দিচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে নবম পদাতিক ডিভিশনের অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষ ২৪ ঘণ্টাই খোলা ছিল।

উদ্ধারকারীরা এক মুহূর্তের জন্যও উদ্ধারকাজ বন্ধ না রেখে অব্যাহতভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে গত ১০ মে এক অভূতপূর্ব ঘটনা ঘটে। দুর্ঘটনার ১৭ দিন পর উদ্ধারকর্মীরা জীবিত অবস্থায় রেশমার সন্ধান পায়। গণমাধ্যমসহ সবার উপস্থিতিতে ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে প্রশিক্ষিত সেনাসদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা রেশমাকে উদ্ধার করেন।

রেশমাকে উদ্ধারের পর পরই চিকিৎসার জন্য সাভার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। তাঁকে সুস্থ করে তোলার জন্য সেনাবাহিনীর চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হয়। গণমাধ্যমের অনুরোধে চিকিৎসকদের সম্মতি সাপেক্ষে গত ১৩ মে বিকেলে রেশমাকে গণমাধ্যমের সামনে হাজির করানো হয়। যদিও তখনো তাঁর ট্রমা কাটেনি। তার পরও সাংবাদিকেরা প্রায় দেড় ঘণ্টাব্যাপী তাঁকে বিভিন্ন প্রশ্ন করেন। রেশমা সাংবাদিকদের সামনে ভবনে আটকা পড়ার দুঃসহ স্মৃতিচারণা করেছিলেন, যা দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছিল।

এরপর রেশমা সুস্থ হয়ে উঠলে তাঁকে সিএমএইচ থেকে ৬ জুন ছুটি দেওয়া হয়। হাসপাতাল থেকে বিদায় নেওয়ার মুহূর্তে তিনি দেশি-বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।

চিকিৎসাধীন অবস্থায় রেশমাকে বিভিন্ন সংস্থা চাকরির প্রস্তাব দেয়। এর মধ্যে হোটেল ওয়েস্টিনের প্রস্তাব রেশমা গ্রহণ করেন। সাভার সিএমএইচ থেকে ছাড়া পেয়ে তিনি হোটেল ওয়েস্টিনে যোগদান করেন।

উদ্ধার ঘটনার প্রায় দীর্ঘ ৫০ দিন পর সানডে মিরর পত্রিকা রেশমাকে উদ্ধারসংক্রান্ত যে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে, তা উদ্ধারকারীদের মনে চরম আঘাত দিয়েছে। এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশনের ফলে রেশমার মানসিক স্বাস্থ্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। কেননা তাঁর ট্রমা এখনো কাটেনি।

সানডে মিরর-এর প্রতিবেদন উদ্ধৃত করে দেশীয় কিছু গণমাধ্যমও অনুরূপ কাজ করে যাচ্ছে। এসব বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশের পথ পরিহার করে ১৩ মে ও ৬ জুন ২০১৩ তারিখে রেশমার সংবাদ/বিবৃতিগুলো সংবাদমাধ্যমে পুনরায় প্রচার বা প্রকাশের ব্যবস্থা নেওয়া বাঞ্ছনীয় বলে মনে করে আইএসপিআর।