রেশমাদের বাড়িতে মানুষের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ দিন পর জীবিত উদ্ধারের খবর জানার পর গতকাল শনিবার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারাসহ সর্বস্তরের মানুষ ভিড় করছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শিংড়া ইউনিয়নের কশিগাড়ী গ্রামে রেশমার বাড়িতে।

সকাল ১০টায় সেখানে গিয়ে দেখা গেছে, স্থানীয় সাংসদ মো. আজিজুল হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শুভ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা বেগম সিদ্দিকা, উপজেলা ভাইস চেয়ারম্যান রেবেকা বানু, শিংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মজিবর রহমান প্রধান, আওয়ামী লীগের স্থানীয় নেতারাসহ কয়েক শ মানুষ সেখানে ভিড় করেছেন।

আজিজুল হক চৌধুরী বললেন, রেশমাকে জীবিত উদ্ধার করার পুরো কৃতিত্ব উদ্ধারকারী দলের। সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করার কারণে তাঁকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কাজী শুভ রহমান চৌধুরী বলেন, রেশমার উদ্ধারের খবর শুনে আবেগে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছে তাঁদের বাড়িতে।

মাকসুদা বেগম সিদ্দিকা বলেন, শুক্রবার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রেশমার উদ্ধারের খবর পাওয়ার পর তিনি খোঁজ নিয়ে সন্ধ্যায় রেশমাদের বাড়িতে আসেন। রেশমার পারিবারিক পুরো তথ্য জেলা প্রশাসককে তিনি জানিয়েছেন। এর আগে সাভারের এই দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ ঘোড়াঘাটে এসেছে।