রেশমাদের বাড়িতে শত শত মানুষের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ দিন পর জীবিত অবস্থায় উদ্ধারের খবর জেনে আজ শনিবার সকাল থেকে দূর-দূরান্তের শত শত নারী-পুরুষ রেশমাদের দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের বাড়িতে ভিড় জমিয়েছে।

১০টার দিকে রেশমাদের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে আছেন এলাকার সাংসদ মো. আজিজুল হক চৌধুরী, ঘোড়াঘাট উপজেলার চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা বেগম সিদ্দিকা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা বানু প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে রেশমাসহ সাভারের ভবনধসে হতাহত ব্যক্তিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সাংসদ আজিজুল হক চৌধুরী বলেন, এটি অলৌকিক ঘটনা। উদ্ধারকারী দল সহানুভূতি ও সতর্কতার সঙ্গে কাজ করেছে।

উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী বলেন, ‘ঘোড়াঘাটের মেয়ে জীবিত উদ্ধার হয়েছে। সে এখানে নেই। সিএমএইচে  চিকিত্সাধীন আছে। অথচ রেশমার উদ্ধারের খবর শুনে আবেগে মানুষ ছুটে আসছে তাদের বাড়িতে।’

ইউএনও মাকসুদা বেগম সিদ্দিকা জানান, গতকাল শুক্রবার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রেশমার উদ্ধারের খবর দেখে তিনি খোঁজ নিতে সন্ধ্যায় রেশমাদের বাড়িতে যান। তাঁদের পরিবারের পুরো তথ্য জেলা প্রশাসককে জানান।

রেশমার ছোট বোন ফাতেমা জানান, ভবনধসে রেশমার নিখোঁজ হওয়ার কথা তাদের বড় বোন আসমা মামাতো ভাই মোজাহিদুল ইসলামের মাধ্যমে বাড়িতে জানান। খবর পেয়ে বাবা আরজন, বড় ভাই জাহিদুল ও দুলাভাই শহীদুল ঢাকায় যান। কিন্তু রেশমার কোনো খবর না পেয়ে তাঁরা ফিরে আসেন। রেশমাকে জীবিত ফিরে পাওয়া যাবে, এমন আশা তাঁরা ছেড়ে দিয়েছিলেন বলে জানান তিনি।