রেশমার বাড়িতে ধুমধাম

‘সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এভাবে নিজের গ্রামে ফিরব; বাবা-মা; গ্রামবাসীর সঙ্গে দেখা হবে; ভাবিনি। প্রায়
দেড় বছর পর গ্রামে ফিরেছি। এবারের ফেরাটা অন্য রকম। তাই ভীষণ ভালো লাগছে।’
সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপে ১৭ দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর বেঁচে যাওয়া দিনাজপুরের ঘোড়াঘাট
উপজেলার কশিগাড়ী গ্রামের রেশমা বেগম প্রথম আলোর কাছে এভাবেই তাঁর অনুভূতির কথা জানান। গতকাল
শনিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামে বড় বোন ফাতেমার বাড়িতে রেশমার সঙ্গে কথা হয়। এ
সময় তাঁর পরনে ছিল কালো রঙের লেহেঙ্গা। মাথায় কালো রঙের ওড়না। ঘরে বসে টেলিভিশন দেখছিলেন তিনি।
চোখ-মুখে এখনো ক্লান্তির ছাপ।
গতকালও রেশমার বাড়ির সামনে বেশ ভিড় ছিল। গত শুক্রবার সকাল থেকে প্রতিবেশী, স্বজনদের পাশাপাশি
দূর-দূরান্ত থেকে শত শত নারী-পুরুষ তাঁকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় করছেন। বাড়ির ভেতর ভীষণ
ব্যস্ত সবাই। গরুর মাংস, চালের আটার রুটি, পোলাও, মুরগির ঝাল মাংস, আম-কাঁঠালসহ রেশমার প্রিয় সব
খাবার তৈরি হচ্ছে।
রেশমা বলেন, ওয়েস্টিন হোটেলের মহাব্যবস্থাপক আজিম শাহ তাঁর গাড়িতে করে তাঁকে গ্রামের বাড়িতে নিয়ে
আসেন। সঙ্গে ছিলেন মিস হেলেনা নামে একজন কর্মকর্তা। কর্মক্ষেত্রে যোগ দেওয়ার আগে তাঁকে কাজে দক্ষ করে
গড়ে তুলতে শিক্ষকের মতো দায়িত্ব পালন করছেন তিনি। শুক্রবার বিকেলে ওই দুই কর্মকর্তা ঢাকায় ফিরে
গেছেন।
রেশমার বড় ভাবি শম্পা বেগম বলেন, কর্মকর্তারা সবাইকে সতর্ক করে গেছেন, রেশমা এখনো পুরোপুরি সুস্থ নন।
কেউ যেন তাঁর অতীত, রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচের জীবন-যুদ্ধ ইত্যাদি বিষয়ে কোনো প্রশ্ন না করে। এতে
যেকোনো সময় তিনি অপকৃতিস্থ হতে পারেন।
রেশমা জানান, পরিবার, স্বজন ও গ্রামের মানুষের কাছে দোয়া চাইতে গত বৃহস্পতিবার রাতে তিনি গ্রামে
এসেছেন। উঠেছেন কশিগাড়ী গ্রামে বোন ফাতেমা আর বড় ভাই সাদেকুলের বাড়িতে। মা জোবেদা এখন তাঁর
সঙ্গে আছেন। ভালো লাগলে কয়েক দিন থেকে যাবেন।
রেশমার মা জোবেদা খাতুন বলেন, ‘মোক খউব শান্ত লাগছে বাবা, আল্লাহ হামার ছাওয়ালটাক ফিরাই দিছে।
হাজার শুকুর আল্লাহরঠে। আর যাঁরা মোর ছাওয়ালক উদ্ধার করিছে ওমহারঠে।’
রেশমাকে দেখতে গতকাল তাঁর বাড়িতে এসেছে স্থানীয় রানীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ১৫ জন ছাত্রী। এদের
মধ্যে নবম শ্রেণীর শিক্ষার্থী মুক্তা মণি বলে, ‘রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর জীবিত উদ্ধার হওয়ার পর
জানলাম, রেশমা আমাদের এলাকার। তাই বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের সঙ্গে আমিও তাঁকে দেখতে এসেছি।’