রেসিংয়ের মোটরসাইকেল ছিটকে দর্শক সারিতে এক শিশু নিহত
‘এখানে দাঁড়িয়ে, বসে, শুয়ে মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে খেলা দেখানো হয়’—এমন বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ‘রাশিয়ান’ মোটরসাইকেল খেলা দেখতে গিয়ে প্রাণ হারিয়েছে এক শিশু। আহত হয়েছেন অন্তত ১২ জন। গত শুক্রবার রাত সোয়া নয়টায় কুমিল্লার চান্দিনা পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পপণ্য মেলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ মেলাটি বন্ধ করে দেয়।
দুর্ঘটনায় নিহত চান্দিনা উপজেলার কাদুটি গ্রামের হৃদয় চক্রবর্তীর (১২) বাবা রতন চক্রবর্তী গতকাল শনিবার সকালে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় চার ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যবসা পেশায় উদ্বুদ্ধকরণ উপলক্ষে বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার রাত আটটায় চান্দিনা পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে মাসব্যাপী দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পপণ্য মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর দণ্ডায়মান কাঠের গোলকবৃত্তে রাশিয়ায় তৈরি মোটরসাইকেল রেসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খেলোয়াড় দর্শনার্থী সারিতে গিয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় দর্শকসারির স্বল্প স্থানে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। ওই মোটরসাইকেলের ধাক্কায় নারী, শিশুসহ ছয়জন আহত হন। এ ছাড়া দুর্ঘটনা-আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আরও সাতজন আহত হন।
আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে নেওয়া হয়। রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হৃদয় চক্রবর্তী।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, যেখানে রক্ত ঝরেছে, সেখানে কোনো মেলা হবে না। ওই কারণে প্রশাসন মেলাটি বন্ধ করে দিয়েছে।