রেসিডেনসিয়ালে প্রাণের স্পন্দন

সবুজ সুশোভিত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে গতকাল শনিবার প্রাণের স্পন্দন ছিল একটু বেশি। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে ঢাকা বোর্ডে চতুর্থ হওয়ায় উল্লসিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এবার এ কলেজ থেকে বিভিন্ন বিভাগে ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাস করেছেন ৬৬০ জন। পাসের হার ৯৯ দশমিক ৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৮৭ জন শিক্ষার্থী।
কলেজটির গতবারের পাসের হার ছিল শত ভাগ। এ বছর এ ধারা ধরে রাখতে না পারলেও ঢাকা বোর্ডে সম্মিলিত মেধাতালিকায় এগিয়েছে দুই ধাপ। তবে শিক্ষকেরা ভবিষ্যতে পাসের হার শত ভাগ রেখেই আরও ভালো ফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মোসলেহ উদ্দিন ভূঁঞা প্রথম আলোকে বলেন, কলেজের বিশেষ একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা ও শৃঙ্খলার মানোন্নয়ন এবং ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিংয়ের কারণেই ফল ভালো হয়েছে।