রেসিডেনসিয়াল মডেল কলেজে বার্ষিক ক্রীড়া

গতকাল শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা উপলক্ষে কলেজের খেলার মাঠে হয়েছিল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা।
সমাপনী অনুষ্ঠান উপলক্ষে কলেজ ক্যাম্পাস সাজানো হয় রংবেরঙের পতাকা, বেলুন ও ফেস্টুন দিয়ে। বিকেল তিনটায় কলেজ মাঠে আসেন অতিথিরা। সমাপনী অনুষ্ঠানে আয়োজন করা হয় কুচকাওয়াজ, মিউজিক ডিসপ্লে ও ক্রীড়া অনুষ্ঠান। প্রতিযোগিতায় কলেজের ছয়টি হাউসের শিক্ষার্থীরা অংশ নেয়। অংশগ্রহণকারী হাউসগুলো হলো কুদরাত-এ-খুদা হাউস, জয়নুল আবেদিন হাউস, ফজলুল হক হাউস, নজরুল ইসলাম হাউস, লালন শাহ হাউস, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হাউস।
১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। ওই দিন সকালে এর উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ। এক সপ্তাহ ধরে চলে প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হান্নান বলেন, ছাত্রদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চার প্রতিও মনোযোগী হতে হবে।