রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন দগ্ধ ৫
ডেমরার মাতুয়াইলের মমিনবাগের একটি রেস্তোরাঁয় সকালে সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন ছড়িয়ে পড়ে পাঁচ কর্মী দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন প্রধান বাবুর্চি বাবুলের সহকারী মো. ফারুক, মো. চান মিয়া, মো. হারুন, বিল্লাল হোসেন ও ফেলানি ওরফে পিচ্চি। বার্ন ইউনিটের চিকিৎসকেরা বলেছেন, রেস্তোরাঁর কর্মচারী ফারুক ও চান মিয়ার অবস্থা সংকটজনক। ফারুকের ৬৩ ও চান মিয়ার ৫৭ শতাংশ পুড়ে গেছে।
পুলিশ ও রেস্তোরাঁকর্মীরা জানান, সকাল আটটার দিকে মমিনবাগ রেড চিলি নামক চায়নিজ রেস্তোরাঁয় রান্নার চুলা জ্বালানোর জন্য দেশলাই ধরালে চুলা ধরার আগে গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় রেস্তোরাঁর কর্মীরা আগুন নেভাতে সক্ষম হলেও পাঁচ কর্মী দগ্ধ হন।
দগ্ধ রেস্তোরাঁকর্মী বিল্লাল হোসেন বলেন, ‘প্রধান বাবুর্চি বাবুলসহ হোটেলের রান্নাঘরে আমরা একটি অনুষ্ঠানের জন্য খাবার তৈরির কাজ করছিলাম। হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ফুলকি বের হয়। এতে আমরা পাঁচজন দগ্ধ হই।’