রেস্তোরাঁ কর্মীদের বেতন ১০ হাজার টাকা করার দাবি
সিলেট পর্যটন নগর হিসেবে প্রতিষ্ঠা পাওয়ায় হোটেল-রেস্তোরাঁর ব্যবসা বিকশিত হচ্ছে। এ অবস্থায় হোটেল-রেস্তোরাঁর কর্মীদের মাসিক বেতন সর্বনিম্ন ১০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।
সংগঠনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে গত রোববার সন্ধ্যায় শ্রমিক সমাবেশ থেকে সিলেট জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি নুরুল হুদা সালেহ আনুষ্ঠানিকভাবে এ দাবি জানান।
নগরের কোর্ট পয়েন্টের সমাবেশে মাসিক বেতন নির্ধারণসহ শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও ছুটি বাস্তবায়নে শ্রম আইন বাস্তবায়নের দাবি জানানো হয়। এর আগে বিকেল পাঁচটায় জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কোর্ট পয়েন্টের সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক ছাদেক মিয়ার সঞ্চালনায় সমাবেশে ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি নুরুল হুদা সালেহ প্রধান অতিথির বক্তব্য দেন।
সমাবেশে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক আইনজীবী জাহাঙ্গীর আলম, জাতীয় ছাত্রদল শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ময়না মিয়া, যুগ্ম সম্পাদক এম সফর আলী খান, সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম, জেলা সদস্য রফিকুল ইসলাম, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক দুলাল মিয়া, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ইমান আলী বক্তব্য দেন।
বক্তারা বিগত প্রায় দুই যুগ ধরে হোটেল শ্রমিকদের আন্দোলন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন থেকে শ্রমিক অধিকারের বিভিন্ন দাবি উত্থাপনের বিষয়টি তুলে ধরে বলেন, বেতন থেকে শুরু করে শ্রমিকদের সব বিষয় যুগোপযোগী করতে হবে।