রেস্তোরাঁর চার কর্মকর্তাকে আদালত অবমাননার রুল
আদালতের নির্দেশনার পরও রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকা থেকে ব্যবসাপ্রতিষ্ঠান না সরানোয় তিন রেস্তোরাঁর চার কর্মকর্তাকে আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে এ রুল দেন।
সই ফ্রি, বিটার সুইট ও ফর্ক নাইফ নামের তিনটি রেস্তোরাঁর পরিচালনায় থাকা বুশরা, রুকসানা বেগম, সেগুফ্তা হাসান ও শাহ জামালকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে তিনি প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ১১ জুন হাইকোর্ট ধানমন্ডি আবাসিক এলাকা থেকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অপসারণের নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা অনুসরণ না করে ওখানে সেগুলো চলছে। প্রতিষ্ঠান অন্যত্র সরাতে নোটিশ পাঠানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আদালত অবমাননার অভিযোগে ওই আবেদনটি করা হলে আদালত ওই আদেশ দেন।